অনলাইনে দাম পরিশোধের সেবা আনল সাউথইস্ট ব্যাংক

সাউথইস্ট ব্যাংক লিমিটেড অনলাইন পেমেন্ট গেটওয়ে সুবিধা নিয়ে এসেছে। এর ফলে গ্রাহকেরা অনলাইনে সহজ, নিরাপদ, সুরক্ষিত ও সুবিধাজনক উপায়ে বিভিন্ন পণ্য-সেবা কেনাকাটা করার সুযোগ পাবেন।
নতুন এই পেমেন্ট সার্ভিস বা মূল্য পরিশোধের সেবা চালু হওয়ায় কার্ডধারীরা ২৪ ঘণ্টাব্যাপী দেশে-বিদেশে যেকোনো সময় পছন্দের পণ্য ও সেবা কিনে তার দাম পরিশোধ করতে পারবেন। অনলাইনভিত্তিক লেনদেনের এই গেটওয়েতে সংশ্লিষ্ট কার্ড স্কিমের (মাস্টারকার্ড ও ভিসা) এবং পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডেটা সিকিউরিটি স্ট্যান্ডার্ডের (পিসিআই ডিএসএস) মান বজায় থাকবে।
রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল বৃহস্পতিবার নতুন এই সেবার উদ্বোধনী অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এস এম মঈনুদ্দীন চৌধুরী, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ কামাল, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা, বেসিসের পরিচালক মোস্তাফিজুর রহমান, সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বলা হয়, অনলাইন লেনদেনের এই গেটওয়ের বড় সুবিধা হলো, এটি নিরাপদ ও সুরক্ষিত ব্যবস্থা।