অনলাইনে মূসক নিবন্ধন পিছিয়ে গেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন বাস্তবায়ন হলে সব ব্যবসায় প্রতিষ্ঠানকে অনলাইনে মূসক পরিশোধ করতে হবে। তাই পুরোনো ব্যবসায় শনাক্তকরণ নিবন্ধন (বিআইএন) বদলে অনলাইনে নতুন বিআইএন নিতে হবে। গত জুলাই মাস থেকে এ নিবন্ধন শুরু করার কথা ছিল এনবিআরের ভ্যাট অনলাইনের প্রকল্পের।
কিন্তু পূর্ণ প্রস্তুতি নিয়েও তা শুরু করা সম্ভব হয়নি। যেহেতু নতুন মূসক আইন বাস্তবায়ন এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে; তাই এ সময়ে অনলাইনে নতুন করে ব্যবসায় নিবন্ধন নেওয়া হলে একই প্রতিষ্ঠানের দুটি মূসক নিবন্ধন হয়ে যাবে। তখন কোন বিআইএন দিয়ে মূসক দেবেন ব্যবসায়ীরা—এ নিয়ে সংশয় তৈরি হতে পারে। তাই জটিলতা এড়াতে আপাতত অনলাইনে বিআইএন দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে না। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।
বর্তমানে ব্যবসায় প্রতিষ্ঠানের বিআইএন ১১ সংখ্যার। অনলাইনে বিআইএন নিলে এর সংখ্যা নয়টি। অনলাইনে বিআইএন অনেক ইলেকট্রনিক টিআইএন বা ই-টিআইএনের মতো। যেসব প্রতিষ্ঠানের বিআইএন আছে, তারা পুনর্নিবন্ধন নিলেই হবে। নতুন ব্যবসায়ীদের এখন থেকে ৯ ডিজিটের নতুন বিআইএন দেওয়া হবে। নতুন মূসক আইনে সবাইকে অনলাইনে মূসক বিবরণী জমা ও কর পরিশোধ করতে হবে।
গত জুলাই মাসে বিদ্যমান ব্যবসায়ীদের অনলাইনে বিআইএন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। নিয়মিত মূসক বিবরণী জমা দেয় এমন প্রতিষ্ঠানগুলোর নতুন বিআইএন দেওয়ার প্রক্রিয়া স্ব-উদ্যোগে শুরু করে ভ্যাট অনলাইন প্রকল্প। ১২ হাজার প্রতিষ্ঠানের কাছ থেকে এটি সংগ্রহ করেছিলেন প্রকল্পের কর্মকর্তারা। অনলাইনে বিআইএন নেওয়ার জন্য যেসব তথ্য বাধ্যতামূলক; মাত্র ২ হাজার প্রতিষ্ঠান সেসব তথ্য দিয়েছিল। পরে এই স্ব-উদ্যোগে বিআইএন দেওয়ার কাজটি ভেস্তে যায়।
এ বিষয়ে প্রকল্প পরিচালক ও এনবিআরের সদস্য রেজাউল হাসান বলেন, নতুন মূসক আইন বাস্তবায়নকে কেন্দ্র করে অনলাইনে নতুন বিআইএন দেওয়া হবে। যেহেতু আইনটি বাস্তবায়ন হবে আগামী জুলাইয়ে। এখন নতুন বিআইএন দেওয়া হলে একই ব্যবসায় প্রতিষ্ঠানের পুরোনো ও নতুন—দুটি বিআইএন থাকবে। এতে ব্যবসায়ীদের মধ্যে সংশয় তৈরি হবে, তাঁরা কোনটি ব্যবহার করবেন। তাই এ সংশয় দূর করতে শিগগির ব্যবসায়ীদের সঙ্গে ধারাবাহিক সভা করা হবে। তিনি জানান, আগামী জুলাইয়ের আগেই সব পুরোনো বিআইএন অনলাইনে নিবন্ধন দেওয়া হবে।
অনলাইনে বিআইএন: ঘরে বসেই এখন ভ্যাট অনলাইন ওয়েবসাইটে প্রবেশ করে বিআইএন নেওয়া যাবে। বিআইএন নেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবসায় প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ব্যবসায় প্রতিষ্ঠানের অন্য শাখার ঠিকানা, ব্যাংক হিসাব নম্বর, ব্যবসায়ের ধরন, টার্নওভারের পরিমাণ, ব্যবসা শুরুর তারিখ, বিদ্যমান বিআইএন থাকলে সেসব তথ্য দিতে হবে। ব্যবসায় প্রতিষ্ঠানের পরিচালকদের তথ্য, তাঁদের জাতীয় পরিচয়পত্র নম্বর, নাম, ব্যবসায়ে তাঁদের অংশ ইত্যাদি তথ্যও দিতে হবে। পরবর্তী সময়ে নিয়মিত মূসক রিটার্ন ও কর পরিশোধ করা যাবে।
ভ্যাট অনলাইন ওয়েবসাইটে নিবন্ধনের জন্য আবেদন করার পর স্বয়ংক্রিয়ভাবে বিআইএন সনদ পাওয়া যাবে। কোনো কর্মকর্তার সনাতনী ব্যবস্থায় নথিপত্রে অনুমোদন ছাড়াই সর্বোচ্চ তিন দিনের মধ্যে বিআইএন পাওয়া যাবে। তবে যেসব ব্যবসায়ীর ইন্টারনেট ব্যবহার করে বিআইএন নেওয়ার সুবিধা নেই, তাঁদের জন্য আলাদা ব্যবস্থা থাকবে। ভ্যাট অনলাইন প্রকল্পের কার্যালয়ে একটি ইউনিট থাকবে, যারা প্রথম এক বছর বিনা পয়সার বিআইএন-এর আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে দেবে। তবে এ জন্য ওই ব্যবসায়ীদের ভ্যাট অনলাইন প্রকল্প কার্যালয়ে আসতে হবে। এদিকে বিদ্যমান ব্যবস্থায় কোনো ব্যবসায় প্রতিষ্ঠান ব্যবসা গুটিয়ে নিলে বিআইএন বাতিল করার সুযোগ ছিল না। নতুন ব্যবস্থায় বিআইএন বাতিল বা স্থগিত করার সুযোগ রাখা হয়েছে।
নতুন মূসক আইন অনুযায়ী, ৩০ লাখ টাকা পর্যন্ত বার্ষিক টার্নওভারে কোনো মূসক নেই। এসব ব্যবসায় মূসকের আওতার বাইরে থাকবে। আর ৩০ লাখ টাকার বেশি কিন্তু ৮০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার হলে ৩ শতাংশ হারে মূসক দিতে হবে। এর বেশি হলে বিক্রির ওপর ১৫ শতাংশ হারে মূসক আরোপ হবে। নতুন আইন বাস্তবায়ন শুরু হলে প্যাকেজ মূসক উঠে যাবে।
বর্তমানে সনাতনী পদ্ধতিতে নেওয়া ৮ লাখ ৪০ হাজার বিআইএনধারী ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু মাত্র ৩০ হাজার প্রতিষ্ঠান নিয়মিত মূসক বিবরণী জমা দেয়।