অনলাইনে মোটরবাইকের বিক্রি বাড়ছে
যানজটে নাকাল রাজধানীর শিক্ষার্থী ও তরুণ চাকরিজীবীদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা মোটরবাইকের বিক্রি বাড়ছে। পছন্দের বাইক বেছে নিতে আগে বাইক বিক্রির দোকানে ঢুঁ মারলেও এখন অনলাইন মার্কেট প্লেসে নিজস্ব বাজেটের মধ্যে মোটরবাইক খুঁজে নিচ্ছেন তাঁরা।
দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেট প্লেস বিক্রয় ডটকমে প্রকাশিত বিজ্ঞাপন বিশ্লেষণে দেখা যাচ্ছে, সাম্প্রতিক সময়গুলোতে মোটরবাইকের বিজ্ঞাপন বেড়েছে। ব্যবহূত মোটরবাইক কিনতে আগ্রহীরা ঘরে বা অফিসে কাজের ফাঁকেই সহজেই নিজের পছন্দের বাইক নির্বাচন করতে পারছেন। এতে তাঁদের প্রতিদিনকার জীবনযাত্রা আরও সহজ হয়েছে।
একইভাবে বাইক বিক্রেতারা অনলাইন মার্কেট প্লেসের দিকে ঝুঁকছেন। কারণ এখানে নগরীর বিভিন্ন প্রান্তের ক্রেতার সঙ্গে সহজেই সংযুক্ত হওয়ার এবং তাঁর পণ্যটি উপস্থাপনের সুযোগ মিলছে।
বিক্রয় ডটকমের মার্কেটিং ম্যানেজার ঈশিতা শারমিন বলেন, ক্রেতাদের জন্য বড় সুবিধা হলো বিভিন্ন আউটলেট ঘুরে বাইক যাচাই করতে হয় না। গত জানুয়ারিতে বিক্রয় ডটকমে ব্যবহূত মোটরবাইকের বিজ্ঞাপন গত বছরের নভেম্বরের চেয়ে ১৩ শতাংশ বেড়েছে। শুধু এই সাইটেই জানুয়ারিতে ছয় হাজার ৫০০রও বেশি বাইকের বিজ্ঞাপন পোস্ট করা হয়েছে।
প্রকাশিত বিজ্ঞাপন বিশ্লেষণে এটাও দেখা গেছে, উল্লেখযোগ্যসংখ্যক মোটরবাইক ব্যবসায়ী নিয়মিতভাবে অনলাইন মার্কেট প্লেসে বিজ্ঞাপন দিচ্ছেন এবং কোনো ধরনের ঝুঁকি ছাড়াই তাঁদের বাইক বিক্রি করছেন।
ইউনিভার্স মোটরসের কামরুল ইসলাম বলেন, রাজনৈতিক অচলাবস্থা কেটে যাওয়ার ফলে মোটরবাইক বিক্রি আবার বেড়েছে। তিনি বলেন, অনলাইন মার্কেট প্লেস ব্যবসার জন্য একটি সহজ মাধ্যম যা আমার বাইক বিক্রি বাড়িয়ে দিয়েছে এবং এটি দেশের বাজারে একটি নতুন মাত্রা নিয়ে এসেছে।
হালিম মোটরসের মো. আকবর জানান, মোটরবাইকের দাম এখন বাড়ছে। দেশে সরবরাহের তুলনায় মোটরবাইকের চাহিদা বাড়ছে। দাম বৃদ্ধির পেছনে এটি একটি কারণ বলে মনে করছেন তিনি।