অনলাইনে স্বল্প পুঁজি সংগ্রহে নিয়ন্ত্রণ চায় আইওসকো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরটিজি কমিশন (আইওএসসিও বা আইওসকো) ইন্টারনেটের মাধ্যমে অনেক মানুষের কাছ থেকে অল্প পুঁজি সংগ্রহের সাম্প্রতিক প্রবণতা নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে।
আইওসকো মনে করে, এই প্রবণতায় নিয়ন্ত্রণ আরোপ করা না হলে আগামী দিনে বড় ঝুঁকি তৈরি করবে।
‘ক্রাউডফান্ডিং’ নামে পরিচিত এই পুঁজি সংগ্রহ প্রক্রিয়ায় সাধারণত পরিবার, বন্ধু ও সহকর্মীদের কাছ থেকে ফেসবুক, লিংকেডিন ও টুইটারের মতো সামাজিক মিডিয়ার মাধ্যমে দুনিয়াজুড়ে অর্থ সংগ্রহ করা হয়।
ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও চীন এই ক্রাউডফান্ডিংয়ের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে। যুক্তরাষ্ট্রে এই প্রক্রিয়ায় পুঁজি সংগ্রহের ওপর সীমা আরোপ করা আছে। কে বা কারা কতটা পুঁজি সংগ্রহ করতে পারবে তা বেঁধে দেওয়া আছে।
ভারতও এখন এ বিষয়ে নিয়ন্ত্রণ আরোপের দিকে অগ্রসর হচ্ছে।
আইওসকোর এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালে বিশ্বজুড়ে এই প্রক্রিয়ায় ৬৪০ কোটি ডলার সংগ্রহ করা হয়েছে।
সাধারণত তরুণ ও ছোট উদ্যোক্তারা এই প্রক্রিয়ায় অনলাইনে পুঁজি সংগ্রহ করে থাকে। বিনিময়ে তারা সুনির্দিষ্ট কিছু আর্থিক সুবিধা পরিশোধ করে থাকে। সূত্র: ইকোনমিক টাইমস।