অনলাইনে 'বৈশাখী' ইলিশ

আসছে বৈশাখ। পয়লা বৈশাখে পান্তা-ইলিশ না হলে ষোলোকলা পূর্ণ হয় না। নগরজীবনের ব্যস্ততায় রাজধানীবাসীর পক্ষে চাঁদপুর কিংবা মাওয়া ঘাটে গিয়ে ইলিশ কেনার সময় তো হয়ই না। আবার বাজারে গিয়ে দাম-দর করে ইলিশ কিনবেন, ব্যস্ততা সেই সুযোগ দেয় না।
এমন ব্যস্ত জীবনে অনলাইনে ইলিশ কেনার সুযোগ দিয়েছে নগরজীবনে কিছুটা স্বস্তি। দেশের কেনাকাটাবিষয়ক বেশ কিছু অনলাইন পোর্টালে ইলিশ বিক্রি হচ্ছে। এমনকি ‘হোম ডেলিভারি’ কিংবা বাসাবাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে বৈশাখের ইলিশ।
‘আমার দেশ ই-শপ’ নামের একটি প্রতিষ্ঠান অন্য পণ্যের পাশাপাশি বাংলা নববর্ষ উপলক্ষে প্রথমবারের মতো ইলিশ বেচাকেনা করছে। তাদের ওয়েবসাইটে বিভিন্ন আকারের ইলিশের ছবি দেওয়া আছে। দামও উল্লেখ করা রয়েছে। ফোন করেও ক্রয়াদেশ দেওয়া যায়। এক কেজি ওজনের বেশি ইলিশের দাম এক হাজার ৫৫০ টাকা। ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশের দাম ৯০০ টাকা। আর বাসায় পৌঁছে দেওয়ার জন্য কোনো মাশুল দিতে হয় না। যে কেউ চাইলে এখান থেকে ইলিশ কিনতে পারেন। ওয়েবসাইটের ঠিকানা: www.amardesheshop.com।
জানা গেছে, বিগত ১০ দিনে আমার দেশ ই-শপ ১৫০ কেজির মতো ইলিশ বিক্রি করেছে। তবে দোকানের ইলিশ পুরোটাই হিমায়িত করা। ফিশারম্যান নামে একটি প্রতিষ্ঠানের কাছ থেকে ইলিশ আনে আমার দেশ ই-শপ।
প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘এবারই প্রথম ইলিশ বিক্রি শুরু করেছি আমরা। বৈশাখে ইলিশের চাহিদা থাকে। তাই ক্রেতার ঝক্কিঝামেলা কমাতে ইলিশ বাসায় পৌঁছে দেওয়া হয়।’
অন্যদিকে দেশের অন্যতম অনলাইনে বেচাকেনার পোর্টাল www.bikroy.com-এ বৈশাখের ইলিশ বিক্রি শুরু হয়েছে। এই ওয়েবসাইটেও অনেকে ইলিশ বিক্রির বিজ্ঞাপন দিচ্ছেন। বিক্রেতা ফোন নম্বর বিজ্ঞাপনে দিয়ে দেন, আর ক্রেতারা সেই ফোনে যোগাযোগ করে দর-দামসহ বেচাকেনা প্রক্রিয়া সম্পন্ন করেন। যেমন, মিরপুর সনি সিনেমা হলের পাশের ঠিকানা দিয়ে একজন বিক্রেতা বিভিন্ন ধরনের ইলিশ বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন। ৫০০-৬০০ গ্রাম ওজনের ইলিশের দাম ৪০০ টাকা, আর ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশের দাম ৬০০ টাকা। আবার রামপুরা থেকে রতন নামের এক ব্যক্তি ইলিশ বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন। জানা গেছে, মূলত মৌসুমি ব্যবসায়ীরাই এই ওয়েবসাইটে ইলিশ বিক্রি করে থাকেন।
এদিকে ক্লিকবিডি লিমিটেড নামে একটি অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানও তাদের ওয়েবসাইটে ইলিশ বিক্রির বিজ্ঞাপন দিচ্ছে। মূলত বিক্রেতা নিজেই বিজ্ঞাপন দেন। এই ওয়েবসাইটের ঠিকানা www.clickbd.com।