অনলাইনেই আয়কর বিবরণী জমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন আর কর কার্যালয়ে গিয়ে বার্ষিক আয়কর বিবরণী জমা ও কর দিতে হবে না। আগামী জুলাই মাস থেকে অনলাইনেই বার্ষিক কর বিবরণী (রিটার্ন) জমা দেওয়ার পাশাপাশি করও দিতে পারবেন করদাতারা। এমনকি রিটার্নের প্রাপ্তি রসিদও পাওয়া যাবে অনলাইনে। এ জন্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে গতকাল মঙ্গলবার আয়োজিত এক অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান এ কথা জানান।
মাঠপর্যায়ের অফিসগুলোকে এ বিষয়ে সক্ষম করে তুলতে গতকাল আনুষ্ঠানিকভাবে কম্পিউটার বিতরণের কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান।
অনুষ্ঠানে জানানো হয়, আয়কর বিভাগ ‘স্ট্রেনদেনিং গভর্নেন্স ম্যানেজমেন্ট প্রজেক্ট’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এর আওতায় অনলাইনে রিটার্ন দাখিল ছাড়াও ই-পেমেন্টের মাধ্যমে কর প্রদান, ই-টিআইএন নিবন্ধন, বিভিন্ন ডেটাবেইস ও প্রতিবেদন সংগ্রহ করতে পারবেন করদাতারা। এ প্রকল্পটি বাস্তবায়ন করছে এফপিটি ইনফরমেশন সিস্টেম করপোরেশন নামে ভিয়েতনামভিত্তিক একটি তথ্য-প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান।
প্রকল্পটির পরিচালক ও এনবিআরের সদস্য কালিপদ হালদার অনুষ্ঠানে বলেন, এ পদ্ধতি পুরোদমে চালু হলে রাজস্ব বোর্ডের কার্যক্রমে স্বচ্ছতা আসবে। ফলে নানা রকম যৌক্তিক কিংবা অযৌক্তিক প্রশ্ন থেকেও মুক্তি পাওয়া যাবে।
এনবিআরের চেয়ারম্যান বলেন, জুলাইয়ের আগেই যাতে এ প্রকল্পের যাবতীয় প্রস্তুতি কার্যক্রম সম্পন্ন করা যায়, সেই চেষ্টা করা হচ্ছে। এ জন্য প্রয়োজনীয় সংশোধনী সম্পন্ন করা, ই-টিআইএন ও ই-পেমেন্ট পদ্ধতিকে সব সময় সচল রাখার নির্দেশনাও দেন তিনি।