অনলাইনের আওতায় ৭৫ শতাংশ ব্যাংক শাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যাংক খাতে জুন শেষে শাখার সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ৫৪৩। এর মধ্যে অনলাইনের আওতায় এসেছে ৭ হাজার ১৬৭টি। অর্থাৎ অনলাইনের আওতায় এসেছে ৭৫ শতাংশ শাখা। বিদেশি ও বেসরকারি ব্যাংকের প্রায় সব শাখাই এসেছে অনলাইনের আওতায়। তবে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকের ৭০ শতাংশ ও বিশেষায়িত ব্যাংকের মাত্র ৯ শতাংশ শাখা এসেছে অনলাইনের আওতায়। কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, কোনো শাখা অনলাইনের আওতায় এলে ওই শাখা থেকে অন্য শাখার হিসাবের অর্থ উত্তোলন, জমাসহ যেকোনো সুবিধা পাওয়া যাচ্ছে। এর মাধ্যমে ব্যাংকের গ্রাহকেরা নিকটবর্তী অনলাইন শাখা থেকে ব্যাংকিং সুবিধা গ্রহণ করতে পারছেন।
প্রতিবেদনের তথ্যমতে, জুন শেষে রাষ্ট্রমালিকানাধীন সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের শাখা হয়েছে ৩ হাজার ৭১৫টি। এর মধ্যে অনলাইনের আওতায় এসেছে ২ হাজার ৬২৪টি। অর্থাৎ অনলাইনের আওতায় এসেছে ৭০ দশমিক ৬৩ শতাংশ শাখা।
জুন শেষে বিশেষায়িত বাংলাদেশ কৃষি ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা হয়েছে ১ হাজার ৪১০টি। তবে অনলাইনের আওতায় এসেছে মাত্র ১২৭টি শাখা। অখ্যাত মাত্র ৯ শতাংশ শাখা অনলাইনের আওতায় এসেছে।
বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এ ইউসুফ প্রথম আলোকে বলেন, ব্যাংকের শাখা ক্রমান্বয়ে অনলাইনের আওতায় আনতে কাজ চলছে। ইতিমধ্যে প্রায় দেড় শতাধিক শাখায় অনলাইন সুবিধা চালু করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রমালিকানাধীন ও বিশেষায়িত ব্যাংকগুলোর শাখা অনলাইনের আওতায় আনতে সময় বেঁধে দেওয়া হয়েছে। এ জন্য নেওয়া হয়েছে বিশেষ প্রকল্পও। ২০২১ সালের মধ্যে এসব ব্যাংকের সব শাখা অনলাইনের আওতায় চলে আসবে।
জানা গেছে, জুন শেষে বেসরকারি ৩৯ ব্যাংকের ৪ হাজার ৩৪৩ শাখার মধ্যে ৪ হাজার ৩৪১ শাখা অনলাইনের আওতায় এসেছে। এ ছাড়া বিদেশি ব্যাংকগুলোর ৭৫ শাখাই অনলাইনের আওতায় এসেছে।
এদিকে, ব্যবসায় মন্দা সত্ত্বেও চলতি বছরের জানুয়ারি-জুন সময়ে ব্যাংক হিসাব বেড়েছে ১ কোটি ৬ লাখ। গত জুনে তা বেড়ে হয়েছে ৮ কোটি ৯৭ লাখ ৭৭ হাজার ৭১৩। এ সময়ে ব্যাংকগুলো নতুন ৮৫টি শাখাও খুলেছে।
ব্যাংকের অনলাইন শাখা
খাত ব্যাংক মোট শাখা অনলাইন শাখা
রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ৬টি ৩৭১৫ ২৬২৪
বিশেষায়িত সরকারি ব্যাংক ২টি ১৪১০ ১২৭
বেসরকারি ব্যাংক ৩৯টি ৪৩৪৩ ৪৩৪১
বিদেশি ব্যাংক ৯টি ৭৫ ৭৫
সব মিলিয়ে ৯৫৪৩ ৭১৬৭