শুল্ক আদায়ে ঘাটতি ১৭ হাজার কোটি টাকা
বিদায়ী ২০২০-২১ অর্থবছরে শুল্ক খাতে ১৭ হাজার কোটি টাকার ঘাটতি হয়েছে। গত বছরের ১ জুলাই থেকে এ বছরের ৩০ জুন পর্যন্ত আমদানি পর্যায়ে প্রায় ৭৭ হাজার কোটি টাকার শুল্ক আদায় হয়েছে। আর লক্ষ্যমাত্রা ছিল ৯৪ হাজার কোটি টাকা।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে এনবিআরের এই হিসাব সাময়িক। চলতি মাসের মাঝামাঝি সময়ে হিসাব চূড়ান্ত হবে।
বিদায়ী অর্থবছরে আমদানি শুল্ক আদায়ে করোনার প্রভাব পড়েছে। গোটা বছরজুড়েই শুল্ক-কর আদায়ে ভুগেছেন রাজস্ব কর্মকর্তারা। অর্থবছরের শুরুতেই আমদানি প্রবৃদ্ধি নেতিবাচক হয়ে যায়। অবশ্য বছরের শেষ দিকে তা ইতিবাচক ধারায় ফিরেছে। এই অর্থবছরে আমদানি পর্যায়ে শুল্ক আদায়ের লক্ষ্য ধরা হয় ৯৫ হাজার ৬৫২ কোটি টাকা। করোনার কারণে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়ায় পরে তা কমিয়ে ৯৪ হাজার কোটি টাকা করা হয়। শেষ পর্যন্ত সেই লক্ষ্যও অর্জিত হয়নি।
তবে বিদায়ী অর্থবছরে তার আগের ২০১৯–২০ অর্থবছরের চেয়ে আমদানি পর্যায়ে প্রায় সাড়ে ১৬ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। এর কারণ হিসেবে শুল্ক-কর কর্মকর্তারা বলেছেন, ২০১৯-২০ অর্থবছরের এপ্রিল ও মে মাসে প্রায় সবকিছু বন্ধ ছিল। তাই ওই অর্থবছরে আমদানি পর্যায়ে শুল্ক আদায় কম হয়েছিল।
সদ্য সমাপ্ত অর্থবছরের প্রথম ৯ মাসে আমদানি পর্যায়ে মোট লক্ষ্যমাত্রার অর্ধেক রাজস্ব আদায় হয়েছে। শেষ তিন মাসেই আদায় হয়েছে বাকি অর্ধেক। গত এপ্রিল মাস থেকে করোনা সংক্রমণের দ্বিতীয় ধাক্কা শুরু হলেও শুল্ক আদায় তেমন একটা কমেনি। ওই মাসে ১০ হাজার ৩৩৯ কোটি টাকা আদায় হয়েছে। পরের দুই মাসে তা আরও বেড়েছে। এর মধ্যে মে মাসে শুল্ক আদায়ের পরিমাণ বেড়ে দাঁড়ায় ১৩ হাজার ২৮০ কোটি টাকা। আর জুন মাসে তা আরও বেড়ে ১ হাজার ৬১৮ কোটি টাকায় উন্নীত হয়, যা বিদায়ী অর্থবছরে একক মাস হিসেবে সর্বোচ্চ।
এনবিআরের তথ্য অনুযায়ী আমদানি পর্যায়ে শুল্ক-কর আদায়ের দুই-তৃতীয়াংশই এসেছে চট্টগ্রাম কাস্টম হাউসের মাধ্যমে। সাময়িক হিসাবে চট্টগ্রাম কাস্টম হাউস বিদায়ী বছরে সব মিলিয়ে ৫১ হাজার ৫৬৫ কোটি টাকা আদায় করেছে, যা আগের অর্থবছরের চেয়ে সাড়ে ৯ হাজার কোটি টাকার বেশি। বাকি সব রাজস্ব আদায় হয়েছে অন্যান্য কাস্টম হাউস ও ৩৫টির মতো শুল্ক স্টেশন থেকে।