অনাদায়ী কর পরিশোধে ভোডাফোনকে ভারতীয় কর্তৃপক্ষের আল্টিমেটাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কর কর্তৃপক্ষ মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান ভোডাফোনকে ১১২ বিলিয়ন রুপি অনাদায়ী কর পরিশোধের জন্য সময়সীমা বেঁধে দিয়েছে। ব্রিটেনভিত্তিক এই টেলিযোগাযোগ প্রতিষ্ঠানকে ৩০ দিনের মধ্যে এ কর পরিশোধ করে দিতে হবে। খবর বিবিসি অনলাইনের।এদিকে অনাদায়ী এ কর পরিশোধ নিয়ে ভারতের কর কর্তৃপক্ষ ও ভোডাফোনের মধ্যে বিরোধ দেখা দিয়েছে।কর কর্তৃপক্ষ জানিয়েছে, ভোডাফোনের কাছে অনাদায়ী করের মধ্যে আগের হাচিসনের অনাদায়ী করও রয়েছে। ২০০৭ সালে হংকংভিত্তিক এই টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের লাইসেন্স কিনে নিয়ে ভারতীয় বাজারে প্রবেশ করে ভোডাফোন।ভোডাফোন এ বিপুল অঙ্কের কর পরিশোধের বিরুদ্ধে ভারতীয় সুপ্রিম কোর্টে মামলা দায়েরের কথা চিন্তা করছে।ভোডাফোন জানিয়েছে, ভারতে বিনিয়োগকারী হিসেবে তারা অফশোর প্রতিষ্ঠানের আওতাধীন, যাতে তাদের কর মওকুফের সুবিধা পাওয়ার কথা।তবে ভারতীয় কর কর্তৃপক্ষ বলেছে, হাচিসনকে কিনে নেওয়ার কারণে ভোডাফোনকে মূলধনীয় মুনাফার ওপর কর দিতে হবে। তবে ভোডাফোন ভারতীয় কর কর্তৃপক্ষে সঙ্গে এ ব্যাপারে একমত পোষণ না করে বলেছে, ভোডাফোন কর্তৃপক্ষের এই হিসাবের সঙ্গে একমত পোষণ করতে পারছে না। প্রতিষ্ঠানটি বলেছে, ভারতীয় কর কর্তৃপক্ষ ভারতীয় কর আইনে ভোডাফোনকে এ কর প্রদানের কথা বলছে। ভারতীয় কর আইন অত্যন্ত জটিল এবং কেউই গত ৫০ বছরে এ আইনের সত্যিকারের ব্যাখ্যা দিতে পারেনি। ভারতীয় এ কর আইন সব সময়ই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানগুলোর বিপক্ষে যায়।ভোডাফোন ভারতে ব্যবসা পরিচালনাকারী অন্যতম বৃহত্ মুঠোফোন সেবাদানকারী প্রতিষ্ঠান। এ মুহূর্তে ভারতে ভোডাফোনের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১১৬ মিলিয়ন। ভোডাফোন ভারতের এসার গ্রুপের সঙ্গে যৌথ বিনিয়োগে ভারতে ব্যবসা পরিচালনা করছে। প্রতিষ্ঠানটি আগামী বছরের শুরুতেই ভারতে তৃতীয় প্রজন্মের (থ্রিজি) টেলিযোগাযোগ সেবা প্রবর্তনের পরিকল্পনা হাতে নিয়েছে। ভারতে তৃতীয় প্রজন্মের এই টেলিযোগাযোগ সেবা প্রবর্তনের জন্য ভোডাফোনকে লাইসেন্স বাবদ গুনতে হয়েছে দুই দশমিক ছয় বিলিয়ন মার্কিন ডলার।