এ সপ্তাহের সাক্ষাৎকার: দেশের আর্থিক খাতের সাম্প্রতিক প্রবণতা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক এম. শাহজাহান মিনা
অনানুষ্ঠানিক ব্যাংকিং বড় উদ্বেগের বিষয়
প্রথম আলো: দেশের আর্থিক খাত কি ঠিকভাবে চলছে?শাহজাহান মিনা: মোটেই ঠিকভাবে চলছে না। আর্থিক খাতে এখন প্রচুর বিশৃঙ্খলা। সাম্প্রতিক হলমার্ক কেলেঙ্কারির কথাই ধরি। আইনকানুনের কি অভাব ছিল? কিন্তু এগুলো প্রয়োগের দায়িত্বে যাঁদের বসানো হয়েছে, তাঁদের অনেকেই মন্দলোক। এঁদের কোনো দায়বদ্ধতা নেই, দেশপ্রেম নেই। জনগণের আমানতের টাকা নিয়ে এঁরা ছিনিমিনি খেলেছেন। দুঃখজনক যে টাকার জোরে এঁরা সবকিছুই জায়েজ করে নিতে পারেন, নিয়েছেনও। রাজনৈতিক মহলের যোগসাজশ ছাড়া ব্যাংক ইতিহাসের এত বড় কেলেঙ্কারি হতে পারে না। হ্যাঁ, অবশ্যই মূল দায়িত্ব ছিল ব্যবস্থাপনা কর্তৃপক্ষের। কিন্তু পরিচালনা পর্ষদও দায় এড়াতে পারে না। বাংলাদেশ ব্যাংক নিজেই এ প্রশ্ন তুলেছে। কিন্তু আমার মতে, ঘটনা যেহেতু ব্যাংক খাতের, নিয়ন্ত্রক হিসেবে তাই বাংলাদেশ ব্যাংকও হলমার্ক কেলেঙ্কারির দায় এড়াতে পারে না।প্রথম আলো: রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকে রাজনৈতিক পরিচালক নিয়োগের বিষয়টিকে কীভাবে দেখছেন?শাহজাহান মিনা: ব্যাংকের সর্বোচ্চ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার শুধু পরিচালনা পর্ষদেরই রয়েছে। ওই খানে এমন লোকদের নিয়োগ দেওয়া উচিত, যাঁদের শুধু অর্থনীতি নয় বরং বিশেষভাবে ব্যাংক বিষয়ে ভালো ধারণা আছে। কিন্তু অসততার পাশাপাশি না বোঝার কারণেও তাঁরা অনেক কিছু নিবিড়ভাবে ধরতে পারেন না। আর যেহেতু তাঁরা রাজনৈতিকভাবে নিয়োগ পান, সঙ্গতকারণেই বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে পক্ষপাতিত্ব কাজ করে। এমন নিয়োগের দায়িত্ব থেকে সরকারের সরে আসা উচিত। এ কাজ করবে বাংলাদেশ ব্যাংক। অর্থ মন্ত্রণালয় যে পরিচালক নিয়োগে ভালো কোনো উদাহরণ তৈরি করতে পারল না, তা তো দেখাই গেল। প্রথম আলো: বিমা, পুঁজিবাজার, আর্থিক প্রতিষ্ঠান (লিজিং) খাতের কী অবস্থা?শাহজাহান মিনা: দেরিতে হলেও বিমা খাতে অন্তত বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) নামে একটি সংস্থা গঠিত হয়েছে। সংস্থাটি চেষ্টা করছে। এটা ভালো। আর পুঁজিবাজারের নিয়ন্ত্রক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) অনেকগুলো আইন করছে। শেষ পর্যন্ত ডিমিউচুয়ালাইজেশন হচ্ছে, এটাও ভালো খবর। আপাতত বোঝা না গেলেও কয়েক বছর পর এসইসির সাম্প্রতিক উদ্যোগগুলোর ফল পাওয়া যাবে। আর লিজিং খাতের নিয়ন্ত্রক যেহেতু বাংলাদেশ ব্যাংক, তাই ব্যাংক খাত যেভাবে চলছে, ধরে নেওয়া যায় লিজিং খাতও সেভাবেই। কিন্তু আর্থিক খাতের অন্য কিছু বিষয় নিয়ে আমি চিন্তিত। তা হলো অনানুষ্ঠানিক ব্যাংকিং। প্রথম আলো: বিষয়টি একটু ব্যাখ্যা করুন।শাহজাহান মিনা: কিছু সমবায় সমিতি ও বহুস্তর বিপণন (এমএলএম) কোম্পানি দেদার অনানুষ্ঠানিক ব্যাংকিং করছে। চোখের সামনে প্রতিদিন ঘটছে এই ঘটনা। কিন্তু বাংলাদেশ ব্যাংকসহ সরকারের সব দপ্তরই তা এড়িয়ে থেকেছে। ব্যাংকব্যবস্থায় সুদ ১৫ থেকে ১৮ শতাংশ। এরা কীভাবে ছয় মাস বা বছরে দ্বিগুণ মুনাফা দেয়? বাংলাদেশ ব্যাংক যদি আগেই তা তদন্ত করে দেখত, তা হলে ডেসটিনি বা ইউনিপেটুইউর মতো এ রকম প্রতারক কোম্পানির জন্ম হয়তো হতো না।প্রথম আলো: গণপ্রতারণা বা আর্থিক অপরাধ ঠেকাতে তা হলে করণীয় কী ? শাহজাহান মিনা: কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, যেন অন্যরা শিক্ষা নেয় এবং এ ধরনের কাজে নিরুৎসাহিত হয়। বিদ্যমান আইনে অনেক ক্ষেত্রেই ফাঁকফোকর আছে। প্রয়োজনে আইন সংশোধন করতে হবে। সরকারের সদিচ্ছা থাকলে দ্রুততম সময়ে নতুন আইন তৈরি করেও শাস্তি দেওয়া সম্ভব। এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা অগ্রণী হওয়া উচিত। কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের আরেকটি দুর্বলতার দিক হচ্ছে, শুধু অভিযোগ এলেই তারা খতিয়ে দেখে। প্রথম আলো: দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর অবহেলার পাশাপাশি আর্থিক খাতে সুশাসনের দিকটি কি তা হলে উপেক্ষিত? শাহজাহান মিনা: অবশ্যই। কোনো ক্ষেত্রেই সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হয় না। চুরি করে সব নিয়ে চলে যাওয়ার পর সবার হুঁশ হয়। তখন আর কিছুই করার থাকে না। মানুষের প্রত্যাশা যে এর পরে হলেও কঠিন কোনো প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হবে। তাও হয় না। দেখা যায়, এসব ঘটনায় কিছু মামলা হয়, যেগুলো বছরের পর বছর ঝুলতে থাকে। মানুষের তাতে কোনো লাভ হয় না। দুষ্কৃতকারীরা কিন্তু আইনের ফাঁকগুলো ভালো বোঝে। সরকার কী করতে পারে, কত দূর যেতে পারে—সেটা বুঝেই কাজ করে এরা। অথচ সরকারের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো এ ক্ষেত্রে লোভ, দায়িত্বহীনতা ও নীতিহীনতার পরিচয় দেয়। [সাক্ষাৎকার নিয়েছেন ফখরুল ইসলাম]