অনিরাপদই থেকে যাচ্ছে ৭৪২ পোশাক কারখানা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজা ধসের পর কর্মপরিবেশ উন্নয়নে গত ৩৫ মাসে তিনটি পক্ষ ৩ হাজার ৭৯৫ তৈরি পোশাক কারখানা পরিদর্শন সম্পন্ন করেছে। কারখানাগুলোর অনেকেই এখন সংস্কারকাজ করেছে। তবে কর্মপরিবেশ উন্নয়নের এই প্রক্রিয়ার বাইরে রয়ে গেছে ৭৪২ কারখানা। কোনো পক্ষই দায়দায়িত্ব না নেওয়ায় কারখানাগুলোকে নিয়ে একধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
অবশ্য সরকার ও পোশাক কারখানা মালিক সমিতি উভয় পক্ষই বলছে, পরিদর্শন কার্যক্রমের বাইরে কোনো কারখানা থাকা মানেই পুরো তৈরি পোশাকশিল্পের জন্য হুমকি। এসব কারখানায় অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটলে সর্বোচ্চ রপ্তানি আয়ের পোশাক খাতকেই ভুগতে হবে। দেশের ভাবমূর্তি সংকটে পড়বে। তাই যত দ্রুত সম্ভব কর্মপরিবেশ উন্নয়নের কার্যক্রমের আওতায় কারখানাগুলোকে নিয়ে আসা দরকার বলে মনে করে তারা।
খোঁজ নিয়ে জানা যায়, শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের পর নিজস্ব পরিদর্শকদের দিয়ে পরিদর্শন করে ৭৪২টি কারখানার অস্তিত্ব পায়, যেগুলো বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য নয়। এর মধ্যে ঢাকায় ৪৩৫, গাজীপুরে ১৭৯, নারায়ণগঞ্জে ৭০ ও চট্টগ্রামে ৫৮ কারখানা। এসব কারখানায় কাজ করেন প্রায় ১ লাখ ৬৩ হাজার পোশাকশ্রমিক। মূলত ক্ষুদ্র ও মাঝারি আকারের এই কারখানাগুলো অন্য প্রতিষ্ঠানের ঠিকা কাজ বা সাবকন্ট্রাকটিং করে থাকে।
রানা প্লাজা ধসের পর পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়নে ইউরোপীয় ক্রেতারা অ্যাকর্ড ও উত্তর আমেরিকার ক্রেতারা অ্যালায়েন্স গঠন করে। জোট দুটির সঙ্গে চুক্তিবদ্ধ ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানের পোশাক তৈরি করে এমন ২ হাজার ২৪৬ কারখানার পরিদর্শন শেষ করেছে অ্যাকর্ড ও অ্যালায়েন্স। এ ছাড়া জাতীয় ত্রিপক্ষীয় কর্মপরিকল্পনার (এনটিএপি) অধীনে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহায়তায় ডিআইএফই ১ হাজার ৫৪৯ পোশাক কারখানা পরিদর্শন করেছে।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর জানায়, এনটিএপির অধীনে কারখানা পরিদর্শনের জন্য আইএলও একটি প্রকল্প নেয়। এ জন্য ৩ কোটি ১৪ লাখ মার্কিন ডলার অর্থায়ন করে যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও কানাডা সরকার। ওই অর্থ দিয়ে অ্যাকর্ড ও অ্যালায়েন্সের বাইরে থাকা বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য কারখানাগুলো পরিদর্শন করার কথা ছিল। শেষ পর্যন্ত সেটিই হয়েছে। তবে বাদ পড়েছে ওই ৭৪২ কারখানা।
জানতে চাইলে বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, যেহেতু কারখানাগুলো সরকারের বিভিন্ন দপ্তরের অনুমোদন নিয়ে পরিচালিত হচ্ছে, তাই সরকারকেই এসব কারখানার কর্মপরিবেশ উন্নয়নে দায়দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, ‘কারখানাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা বহুবার সরকারকে বলেছি। তবে কাজের কাজ কিছু হয়নি।’
কোনো কারখানা কোনো সংগঠনের সদস্য হলো কি হলো না, সেটি বিচার না করে কাজটি যেভাবেই হোক করতেই হবে বলে মনে করেন বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক। তিনি বলেন, ‘পোশাকশিল্পের কর্মপরিবেশ উন্নয়নে বড় বড় উদ্যোগ নেওয়া হয়েছে। সাবকন্ট্রাকটিং কারখানায় কোনো দুর্ঘটনা ঘটলে তার কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না। উপসংহার দাঁড়াবে, কর্মপরিবেশ উন্নয়নে আমরা কিছুই করি নাই।’ এনটিএপির অধীনেই কারখানাগুলোর পরিদর্শন শেষ করা বর্তমানে সহজ সমাধান হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এ বিষয়ে অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহম্মদ রোববার প্রথম আলোকে বলেন, ‘দেরিতে হলেও পরিদর্শনের বাইরে থাকা ৭৪২ কারখানা নিয়ে আমরা চিন্তাভাবনা করছি। ইতিমধ্যে এনটিএপির বৈঠকে কারখানাগুলোর পরিদর্শন করার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছে সবাই। তবে অর্থ তো নেই। একেকটি কারখানা পরিদর্শন করতে ১২ হাজার মার্কিন ডলার দরকার হয়।’