অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে জিএমজি
দেশের প্রথম বেসরকারি বিমান সংস্থা জিএমজি এয়ারলাইনস আগামীকাল শুক্রবার থেকে কোনো গন্তব্যে আর ফ্লাইট পরিচালনা করবে না।গতকাল বুধবার জিএমজি কর্তৃপক্ষ সাময়িকভাবে ফ্লাইট বন্ধ রাখার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, জিএমজি এয়ারলাইনসের কার্যক্রম একেবারে গুটিয়ে ফেলা হচ্ছে না। উড়োজাহাজের কারিগরি পর্যবেক্ষণের জন্য অনির্দিষ্ট সময়ের জন্য সব ফ্লাইট পরিচালনা বন্ধ রাখা হচ্ছে। উড়োজাহাজগুলো উড্ডয়নের উপযোগী হলেই পুনরায় চালু হবে।জিএমজি ঢাকা থেকে কলকাতা, জেদ্দা, দুবাই, ব্যাংকক, মালয়েশিয়া ও রিয়াদ মিলে মোট ছয়টি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করত। এর মধ্যে কলকাতা ছাড়া বাকি পাঁচটি গন্তব্যে ফ্লাইট পরিচালনা গত বছরই বন্ধ করে দেওয়া হয়। এরপর একে একে অভ্যন্তরীণ গন্তব্যের ফ্লাইটও বন্ধ করা হয়। সর্বশেষ শুধু ঢাকা-চট্টগ্রাম-কলকাতা এবং ঢাকা-কক্সবাজার গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে আসছিল তারা।গতকাল জিএমজির আনুষ্ঠানিক বক্তব্যে বলা হয়, অস্বাভাবিক হারে তেলের মূল্যবৃদ্ধি এবং পরিবর্তিত আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক পরিবেশে নিজেদের মানিয়ে নিতে জিএমজি এয়ারলাইনস নতুন ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণের উদ্যোগ নিয়েছে। এই পরিকল্পনায় প্রতিষ্ঠানটি কাঠামোগত ও ব্যবসা পরিচালনায় আমূল পরিবর্তন আনছে।জিএমজির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জীব কাপুর বলেন, ‘নতুন এই ব্যবসায়িক পরিকল্পনার অংশ হিসেবে জিএমজি ওয়াইড বডি এয়ারক্রাফট (সুপরিসর) দিয়ে ফ্লাইট পরিচালনা বাদ দিচ্ছে। বোয়িং-৭৬৭-এর পরিবর্তে নতুন প্রজন্মের ন্যারো বডি (কম আসনের) সংযোজন করে নির্ধারিত সময়ে ফ্লাইট পরিচালনা নিশ্চিত করা, বিশ্বাসযোগ্যতা ও গ্রাহকের অভিজ্ঞতা প্রাধান্য দেওয়া হচ্ছে এ পরিকল্পনায়।’ সঞ্জীব কাপুর আরো বলেন, ‘নতুন কৌশলে যাওয়ার ফলে আমাদের ফ্লাইট কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে, যা ৩০ মার্চ থেকে কার্যকর হবে।’জিএমজির পক্ষ থেকে আরও বলা হয়, ভবিষ্যৎ ব্যবসার দিকে লক্ষ রেখে, জিএমজির বিদ্যমান গন্তব্যগুলো পর্যালোচনা এবং কর্মশক্তির সঠিক আকার নির্ণয়ের বিষয়টিও প্রায় চূড়ান্ত করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে অনেক কর্মীই ছাঁটাইয়ের শিকার হতে পারেন বলে অনেক কর্মকর্তা-কর্মচারী আশঙ্কা করছেন। এই সাময়িক বন্ধের সময় বিক্রয়কেন্দ্রের মাধ্যমে সব ক্রেতাকে বিক্রয় করা টিকিটের পুরো অর্থ ফেরত দেওয়া হবে এবং জিএমজির কর্মীরা শ্রম আইন অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন।জিএমজি সূত্রে জানা গেছে, বর্তমানে বহরের আটটি উড়োজাহাজের মধ্যে তিনটি হলো এমডি-৮০। এর একটি দীর্ঘদিন বিকল অবস্থায় আছে। এ ছাড়া আন্তর্জাতিক গন্তব্য অনেক দিন বন্ধ থাকায় বাকি দুটি এমডি-৮০ ও দুটি বোয়িং-৭৬৭ উড়োজাহাজও এত দিন বসে ছিল। আর তিনটি ড্যাশ-৮ উড়োজাহাজের একটি দীর্ঘদিন উড্ডয়নের অনুপযোগী। বাকি দুটি সচল আছে।জিএমজির পরিচালক (বিপণন ও যাত্রীসেবা) আসিফ আহমেদ জানান, তাঁরা বহর থেকে এমডি-৮০ উড়োজাহাজ ও বোয়িং-৭৬৭ বাদ দেবেন। ২৫০ আসনের বোয়িং-৭৬৭-এর পরিবর্তে আরও কম আসনের এয়ারবাস-৩২০ বা বোয়িং-৭৩৭ উড়োজাহাজ বহরে যুক্ত করা হবে। আর ড্যাশ-৮ বহরে থাকছে। এগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণে বিদেশে পাঠানো হচ্ছে। এটা সময়সাপেক্ষ ব্যাপার।অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনার মাধ্যমে ১৯৯৮ সালের ৬ এপ্রিল জিএমজির যাত্রা শুরু হয়। ২০০৪ সালের ৬ এপ্রিল চট্টগ্রাম-কলকাতা গন্তব্যে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে আন্তর্জাতিক রুটে যাত্রা শুরু করে। ২০০৯ সালে জিএমজির সিংহভাগ শেয়ার কিনে নেয় বেক্সিমকো গ্রুপ। এরপর জিএমজির শেয়ার ছাড়তে রোড শোর আয়োজন করে তারা। প্লেসমেন্টে শেয়ার বিক্রি করে ৩০০ কোটি টাকা সংগ্রহ করে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক শেয়ার ছেড়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার জন্য কোম্পানির প্রসপেকটাস এসইসির কাছে দাখিল করা হয়। এ কাজে জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডকে ইস্যু ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হয়। খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে জিএমজির শেয়ার ছাড়াসংক্রান্ত বিষয়ে নানা অনিয়ম চিহ্নিত করা হয়।