অনিশ্চিয়তায় পড়তে পারে মালয়েশিয়া এয়ারলাইনস

ইউক্রেনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার জের ধরে ভবিষ্যতে অনিশ্চয়তায় পড়তে পারে মালয়েশিয়া এয়ারলাইনস। গত বৃহস্পতিবারের এ দুর্ঘটনার পর গতকাল শুক্রবার দেশটির শেয়ারবাজারে মালয়েশিয়া এয়ারলাইনসের শেয়ারের দরপতন হয়েছে। এদিন প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় ১১ শতাংশ কমে গেছে।
বৃহস্পতিবার মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইট এমএইচ১৭ নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর যাওয়ার পথে ইউক্রেনে বিধ্বস্ত হয়। এতে ওই বিমানে থাকা ১৯৮ জন আরোহীর সবাই নিহত হন। গত চার মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয় বারের মতো দুর্ঘটনায় পড়ল মালয়েশিয়া এয়ারলাইনসের বিমান। এর আগে গত মার্চে মালয়েশিয়া থেকে বেইজিং যাওয়ার পথে ফ্লাইট এমএইচ৩৭০ হারিয়ে যায়। আজও বিমানটির কোনো খোঁজ মেলেনি।
এদিকে ইউক্রেনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পশ্চিমা দেশ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে এমন আশঙ্কায় শুক্রবার এশিয়ার শেয়ারবাজারগুলোতেও নিম্নমুখী প্রবণতা লক্ষ করা গেছে।
এ বিষয়ে মালয়েশিয়া এয়ারলাইনসের অর্থায়নকারী ব্যাংক ডিভিবি ব্যাংকের প্রধান এভিয়েশন কর্মকর্তা বার্ট্রান্ড গ্রাবোস্কি বলেন, অল্প কয়েক মাসের মধ্যে দুটি বিমান দুর্ঘটনা একেবারেই কাকতালীয় ব্যাপার। অতীতে, যা কখনো ঘটেনি। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সরাসরি বড় ধরনের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি।
কয়েক বছর ধরে ক্ষতিতে রয়েছে মালয়েশিয়া এয়ারলাইনস। গত নয় মাসে প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ৪০ শতাংশ কমে গেছে। এক প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটির প্রধান শেয়ারহোল্ডার রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান খাজানাহ ন্যাশনাল মালয়েশিয়া এয়ারলাইনসকে প্রাইভেট কোম্পানিতে রূপান্তরের পথ খুঁজছে। গত কয়েক বছরে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ করে এই প্রতিষ্ঠান। এর আগে বড় ধরনের পুনর্গঠনের বিষয়ে বলেছিল প্রতিষ্ঠানটি।
অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, স্বল্প মেয়াদে ক্ষতি পুষিয়ে উঠতে আরো বেশি বিনিয়োগ প্রয়োজন।
কুয়ালালামপুরে মে ব্যাংকের বিনিয়োগ বিশেষজ্ঞ মোহসিন আজিজ বলেন, মালয়েশিয়া এয়ারলাইনস যে চ্যালেঞ্জ মোকাবিলা করছে তা ‘অনতিক্রম্য’। বড় ধরনের অর্থায়ন ছাড়া অল্প সময়ের মধ্যে এই অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব নয়।