অনিশ্চয়তার কবলে বিশ্ব অর্থনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিশ্চয়তা ঘিরে ধরেছে বিশ্ব অর্থনীতিকে। প্রবৃদ্ধিতে এর প্রভাব পড়ছে। দুই বছর আগে বৈশ্বিক সিইওদের মধ্যে ৫ শতাংশ মনে করতেন, প্রবৃদ্ধির হার কমবে। এখন সেটা ১০ গুণ বেড়ে ৫৩ শতাংশে দাঁড়িয়েছে।

এই প্রথম অর্ধেকের বেশি সিইও মনে করছেন, বৈশ্বিক প্রবৃদ্ধির হার কমবে। এ কারণে নিজেদের কোম্পানির ভবিষ্যৎ নিয়েও তাঁদের আস্থা কমে গেছে। মাত্র ২৭ শতাংশ সিইও আশাবাদী যে ২০২০ সালে তাঁদের কোম্পানির রাজস্ব আয় বাড়বে। ২০০৯ সালের পর এমন পরিস্থিতি আর দেখা যায়নি। সিইওদের এই নৈরাশ্য বিশ্ব অর্থনীতির জন্য অশনিসংকেত। বাণিজ্যযুদ্ধে কিছুটা বিরতি চললেও পূর্ণাঙ্গ সমাধান এখনো অনেক দূরে। তার সঙ্গে যুক্ত হয়েছে করোনাভাইরাসের প্রভাব। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে, ভাইরাসের প্রভাব দীর্ঘমেয়াদি হলে পরিস্থিতি মারাত্মক হতে পারে।

প্রাইসওয়াটারহাউসকুপার্সের ২৩তম বৈশ্বিক সিইও জরিপে এসব তথ্য পাওয়া গেছে। জরিপে সিইওদের নিরাশা ভ্রু কুঁচকে দেওয়ার মতো। ৫৩ শতাংশ সিইওই বলেছেন, এবার বৈশ্বিক প্রবৃদ্ধির হার কমবে। গত বছর যে হার ছিল ২৯ শতাংশ। ২০১২ সাল থেকে প্রাইসওয়াটারহাউসকুপার্স সিইওদের প্রবৃদ্ধি নিয়ে এই প্রশ্ন করে আসছে। তাতে এখন পর্যন্ত কখনোই ৫০ শতাংশ সিইও প্রবৃদ্ধি নিয়ে নেতিবাচক কথা বলেননি। এবার তা ৫০ ছাড়িয়ে ৫৩ শতাংশে পৌঁছে গেছে।

২০২০ সালের ব্যাপারে সিইওদের এই নৈরাশ্যের সঙ্গে ২০১৮ সালের ব্যাপারে তাঁদের আশাবাদের তুলনা করা যায়। সেবার ৫৭ শতাংশ আশাবাদী ছিলেন, পরবর্তী বছর অর্থনীতির উন্নতি হবে।

তবে হুমকির দিক থেকে ২০১৯ সালের মতো ২০২০ সালেও অতিনিয়ন্ত্রণ শীর্ষে। তবে গত বছর অনিশ্চয়তা যেখানে ছিল ১২ নম্বরে, এবার তা তৃতীয় স্থানে উঠে এসেছে। দ্বিতীয় স্থানে আছে বাণিজ্য-সংঘাত। চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে সাইবার হুমকি ও নীতিগত অনিশ্চয়তা।

শীর্ষ পাঁচ হুমকির বাইরে গুরুত্বপূর্ণ দক্ষতার অভাব, ভূরাজনৈতিক অনিশ্চয়তা, প্রযুক্তিগত পরিবর্তনের গতি—এসবও সিইওদের মাথাব্যথার কারণ। এগুলো এখন সিইওদের কাছে ‘চরম উদ্বেগের’ কারণ।

জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ক্ষতি উদ্বেগের আরেক কারণ। এ দুটি শীর্ষ ১০ ঝুঁকির মধ্যে না থাকলেও গত বছর যেখানে ১৯ শতাংশ সিইও এ দুটিকে ‘চরম উদ্বেগজনক’ মনে করতেন, এবার সেই সংখ্যা ২৪ শতাংশে উন্নীত হয়েছে। জলবায়ু পরিবর্তনের ব্যাপারটা সিইওদের কার্যসূচিতে ক্রমেই ওপরের দিকে উঠে আসছে।

জরিপে অঞ্চলভিত্তিক শীর্ষ ঝুঁকি চিহ্নিত করা হয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সিইওরা মনে করছেন, বাণিজ্য-বাধাই প্রধান হুমকি। এরপর আছে যথাক্রমে অনিশ্চিত অর্থনৈতিক প্রবৃদ্ধি, গুরুত্বপূর্ণ দক্ষতার ঘাটতি, প্রযুক্তিগত পরিবর্তনের গতি, অতিনিয়ন্ত্রণ, সুরক্ষাবাদ, নীতিগত অনিশ্চয়তা, সাইবার হুমকি, ভূরাজনৈতিক অনিশ্চয়তা, জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত ক্ষতি।

সিঙ্গাপুরের ফুলারটন ফান্ড ম্যানেজমেন্টের সিইও জেনি সোফিয়ান বলেন, ‘বৈশ্বিক পরিসরে মানুষের মনোভাব কমে যাওয়ায় অনেক অঞ্চলেই প্রবৃদ্ধির হার কমে যাবে। কিন্তু তাই বলে মন্দা শুরু হয়ে যাবে, সে কথা বলছি না। সুনির্দিষ্টভাবে বললে এশিয়ার ব্যাপারে আমরা আশাবাদী। এই অঞ্চলের প্রবৃদ্ধির হার ধারাবাহিকভাবেই ভালো, পশ্চিমা দেশগুলোর তুলনায় প্রায় দ্বিগুণ। এশিয়ার সরকার আঞ্চলিক সহযোগিতা ও প্রবৃদ্ধি বাড়ানোর জন্য সহায়ক নীতি করছে। অর্থনীতিও তাই লাভবান হচ্ছে।’

অর্থনৈতিক পরাশক্তিগুলোর দ্বন্দ্ব-বিবাদ নিয়ে ঝামেলা থেকেই যাচ্ছে। এর প্রভাব ইতিমধ্যে অনুভূত হচ্ছে। কেউ কেউ বলেছেন, রাজায় রাজায় যুদ্ধ হলে উলুখাগড়ার প্রাণ তো যাবেই।

সিইওরা মনে করছেন, চাহিদা কমছে। সবার ওপরই এর প্রত্যক্ষ প্রভাব পড়ছে। এই পরিস্থিতিতে তাঁরা আবার দক্ষতা বৃদ্ধির কথাও বলছেন। চতুর্থ শিল্পবিপ্লবের যুগে দক্ষতা বাড়াতে হবে, এ নিয়ে আর প্রশ্ন নেই। এই বিপ্লবের কারণে নতুন ধরনের প্রযুক্তিগত, জটিল চিন্তা, ডিজিটাল ও আন্তব্যক্তিক দক্ষতা প্রয়োজন। কিন্তু এসব দক্ষতার ঘাটতি আছে। এক দশক ধরেই এটি সিইওদের উদ্বেগের কারণ। এ ক্ষেত্রে নিয়োগদাতা ও চাকরিপ্রত্যাশীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

প্রাইসওয়াটারহাউসকুপার্স নেটওয়ার্কের চেয়ারম্যান বব মরিটজ বলেছেন, অনিশ্চয়তার কারণের অভাব নেই। সেগুলোর মধ্যে কিছু যেমন কাঠামোগত ও অর্থনৈতিক, কিছু আবার প্রযুক্তিগত। ব্যবসায়িক নেতৃত্বের জন্য এটি অনেক কঠিন চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা যেমন বাধা দূর করতে সহায়তা করতে পারে, তেমনি সমৃদ্ধিও বাড়াতে পারে।

২০১৯ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে ৮৩টি দেশের ৩ হাজার ৫০১ জন সিইওকে নিয়ে এই জরিপ করা হয়েছে। তখন করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়নি। ফলে এই জরিপের ফলাফলের সঙ্গে করোনাভাইরাস যুক্ত করে এই মুহূর্তের পরিস্থিতি মূল্যায়ন করতে হবে। আর তাতে যে পরিস্থিতির আরও অবনতি হয়েছে, তা বলাই বাহুল্য।