অনিশ্চয়তার মুখে ব্যাংকের স্বতন্ত্র বেতনকাঠামো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় ব্যাংক ও রাষ্ট্রীয় মালিকানাধীন চার বাণিজ্যিক ব্যাংকের জন্য প্রস্তাবিত স্বতন্ত্র বেতনকাঠামো কয়েকটি কারণে অনিশ্চয়তার মুখে পড়েছে।
কারণগুলো হচ্ছে: বিদ্যমান আইনে কোনো বিধান না থাকা, আমলাদের অনীহা, চার বাণিজ্যিক ব্যাংকের মধ্যম সারির কর্মকর্তাদের বিরোধিতা এবং নতুন বেতন কমিশন গঠনের মনস্তাত্ত্বিক চাপ।
এসব কারণে প্রধানমন্ত্রীর কার্যালয় ১৪ নভেম্বর অনুমোদন দিলেও বাস্তবে ব্যাংকের স্বতন্ত্র বেতনকাঠামোর প্রজ্ঞাপন হতে দেরি হবে বলে জানা গেছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর প্রথম আলোকে বলেন, ‘সিদ্ধান্ত যেহেতু নেওয়া হয়েছে, এটি হবেই। এখন আইনি ধারা খতিয়ে দেখা হচ্ছে।’
আইনি বাধার কারণে যদি সম্ভব না হয়, তাহলে কি রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করা হবে—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘না। রাষ্ট্রপতির অধ্যাদেশে কিছু করা হবে না।’
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগের জারি করা আদেশের বলে এবং জাতীয় বেতনকাঠামো ২০০৯ অনুযায়ী, বর্তমানে কেন্দ্রীয় ব্যাংক, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি, বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের কর্মকর্তারা বেতন-ভাতা পেয়ে আসছেন। চাকরি (পুনর্গঠন ও শর্তাবলি) আইন, ১৯৭৫-এর ৫ নম্বর ধারার ক্ষমতাবলে এ আদেশ জারি হয়।
জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো করতে গেলে বিদ্যমান চাকরি (পুনর্গঠন ও শর্তাবলি) আইন সংশোধন করে কেন্দ্রীয় ব্যাংককে এই আইনের আওতার বাইরে নিয়ে আসতে হবে। সংসদ না থাকায় বর্তমানে যা সম্ভব নয়।
অর্থমন্ত্রণালয়ের বাস্তবায়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইমদাদুল হক প্রথম আলোকে বলেন, চার ব্যাংক লিমিটেড কোম্পানি। নিজেদের পর্ষদেই ব্যাংকগুলো সিদ্ধান্ত নিতে পারবে। তবে, কেন্দ্রীয় ব্যাংকের জন্য আইনের সংশোধনের দরকার হতে পারে।
অবসরে যাবেন এবং নতুন যোগ দিয়েছেন—বাণিজ্যিক ব্যাংকের এমন কর্মকর্তা ছাড়া মধ্যম সারির কর্মকর্তারা জাতীয় বেতনকাঠামোর সঙ্গেই থাকতে চান। মহাব্যবস্থাপক পর্যায়ের অনেকে অর্থ মন্ত্রণালয়ে আলাদা বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি না করার পক্ষেও কাজ করছেন বলে জানা গেছে। আবার একাধিক ব্যাংকার মনে করেন, মন্ত্রণালয় এটা সহজে হতে দেবে না। কেননা, সচিবের সমান বেতন হয়ে যাবে ব্যাংকের একজন কর্মকর্তার, তা মেনে নিতে পারছেন না আমলারা।
অবশ্য অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, নতুন বেতন কমিশন গঠিত হলো মাত্র। এক থেকে দেড় বছরের মধ্যে হবে নতুন বেতনকাঠামো। তখন ব্যাংকের বেতনকাঠামোর চেয়ে জাতীয় বেতনকাঠামোর বেতন-ভাতা সমান বা বেশি হবে। বিষয়টি আরেকটি জটিলতা তৈরি করবে এবং আবারও তা সংশোধনের দরকার হয়ে পড়বে।