অনিয়ম তদন্তে গাইডলাইন বানাবে বিএসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের অনিয়ম তদন্তে নির্দিষ্ট গাইডলাইন তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বাংলাদেশ ব্যাংকের বিধিবিধান ও আন্তর্জাতিক মান বজায় রেখে এ গাইডলাইন তৈরি করা হবে। বিষয়টি নিয়ে আজ রোববার একটি বৈঠকও করেছে কমিশন।বিএসইসি সূত্রে জানা যায়, এই গাইডলাইন তৈরির লক্ষ্যে আজ বিএসইসির চেয়ারম্যান ও কমিশনাররা একটি বৈঠক করেন। বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তবে গাইডলাইন চূড়ান্ত করে পরবর্তী সময় তা ঘোষণা করা হবে।এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান জানান, সিকিউরিটিজ হাউসগুলোর বিভিন্ন অনিয়ম রোধে সক্রিয় রয়েছে বিএসইসি। তাই এ-সংক্রান্ত একটি নির্দিষ্ট গাইডলাইন তৈরি করা হচ্ছে। কোনো সিকিউরিটিজ হাউসে অনিয়মের প্রমাণ পেলে ঘটনাস্থলেই শাস্তির বিধান রাখা হচ্ছে এই গাইডলাইনে। এর ফলে হাউসগুলোতে অনিয়মের প্রবণতা কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।প্রসঙ্গত, যেসব অভিযোগের ভিত্তিতে এ গাইডলাইন তৈরি করা হচ্ছে তা হলো: একই কোড ব্যবহার করে লেনদেন করা, রেকর্ড ডেটের আগে শেয়ার নিজেদের নামে হস্তান্তর, অ্যাগ্রেসিভ শেয়ার বিক্রি করে মুনাফা হাতিয়ে নেওয়া প্রভৃতি।