অনিয়ম তদন্তে তিনটি দল করেছে এসইসি
তালিকাভুক্ত কোম্পানির শেয়ার নিয়ে অনিয়ম তদন্তে আলাদা তিনটি তদন্ত দল গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ (ইনসাইডার ট্রেডিং) আইন লঙ্ঘন এবং কাগুজে শেয়ারকে ইলেকট্রনিক শেয়ারে রূপান্তরের ক্ষেত্রে নিয়ম লঙ্ঘন করার অভিযোগের ভিত্তিতে এসব কমিটি করা হয়েছে। গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ সংক্রান্ত সংবাদ প্রকাশ করা হয়েছে। তিন কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত খবর অনুযায়ী, তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ঢাকা ব্যাংকের পরিচালক আবদুল্লাহ আল আহসানের স্ত্রী আমেনা বেগমের শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরণ আইনের লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখতে দুই সদস্যের তদন্ত দল গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন, এসইসির পরিচালক মাহমুদুল হক ও উপপরিচালক ইউসুফ ভূঁইয়া।একই অভিযোগে ব্যাংকিং খাতের অপর কোম্পানি ইউসিবিএলের পরিচালক নুরুল ইসলাম চৌধুরীর স্ত্রী আফরোজা ইসলামের শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে আইন লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখতে আলাদা তদন্ত দল গঠন করা হয়। তিন সদস্যের ওই কমিটির সদস্যরা হলেন: এসইসির পরিচালক প্রদীপ কুমার বসাক, উপপরিচালক জিয়াউর রহমান ও সহকারী পরিচালক ইকবাল হাসান।এ ছাড়া ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোক্তা আবদুস সালামের কাগুজে শেয়ারকে ইলেকট্রনিক শেয়ারে রূপান্তরের ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না, সেটি খতিয়ে দেখতে গঠন করা হয়েছে দুই সদস্যের তদন্ত দল। ওই কমিটির সদস্যরা হলেন এসইসির পরিচালক শেখ মাহবুবুর রহমান ও উপপরিচালক আবু রায়হান মোহাম্মাদ মুতাসিম বিল্লাহ।