অনিয়ম দমনে বিভিন্ন হাউসে ডিএসইর পরিদর্শক দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে যেকোনো অনিয়ম দমনে কার্যক্রম অব্যাহত রেখেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে আজ রোববার ডিএসইর পরিদর্শক দল (মনিটরিং টিম) তিনটি ব্রোকারেজ হাউস পরিদর্শনে যায়। সংশ্লিষ্ট হাউসগুলোয় কোনো প্রকার অনিয়ম হচ্ছে কি না, তা খতিয়ে দেখতে পরিদর্শক দল হঠাত্ করেই হাউসগুলোতে হানা দেয় বলে ডিএসই সূত্রে জানা যায়।ব্রোকারেজ হাউস তিনটি হলো শাকিল রিজভী স্টক লিমিটেড, শাহ মোহাম্মাদ সগীর অ্যান্ড কোম্পানি লিমিটেড ও হ্যাক সিকিউরিটিজ লিমিটেড।এর আগে চলতি মাসে ডিএসই ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) যৌথ পরিদর্শক দল লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড, র্যাপিড সিকিউরিটিজ লিমিটেড, রয়্যাল ক্যাপিটাল লিমিটেড ও সিনহা সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে অস্বাভাবিক লেনদেনের তথ্য পায়। এরই পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করতে এসইসি হাউসগুলোর বিরুদ্ধে পৃথক তদন্ত কমিটি গঠন করে।ডিএসই সূত্রে জানা যায়, ডিএসইর পরিদর্শক দল ব্রোকারেজ হাউজগুলোতে অস্বাভাবিক লেনদেন, অতিরিক্ত বিক্রির চাপসহ কোনো অনিয়ম চলছে কি না, তা খতিয়ে দেখতে বিভিন্ন হাউস পরিদর্শনে যাচ্ছে। বিনিয়োগকারীদের স্বার্থে ডিএসইর এই তত্পরতা অব্যাহত থাকবে বলে সূত্র জানায়।