অনিয়ম শনাক্ত করতে চালু হলো ড্যাশবোর্ড
চারটি অনলাইন রিপোর্টিং মডিউল সমন্বয় করে ড্যাশবোর্ড গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এই ড্যাশবোর্ডের মাধ্যমে ব্যাংকের অনিয়ম শনাক্ত করা হবে। এই পদ্ধতিতে আমদানি, রপ্তানি, প্রবাসী-আয় (ইনওয়ার্ড রেমিট্যান্স) ও বাংলাদেশ থেকে অন্য দেশে পাঠানো অর্থের (আউটওয়ার্ড রেমিট্যান্স) তথ্য কেন্দ্রীয় ব্যাংকের অনলাইনে জমা হবে।বৈদেশিক মুদ্রা লেনদেন সুষ্ঠুভাবে তদারক করতে গতকাল মঙ্গলবার এই ড্যাশবোর্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। এ উপলক্ষে কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা। নির্বাহী পরিচালক আহসান উল্লাহ অনুষ্ঠানটি পরিচালনা করেন। বক্তব্য দেন জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম আমিনুর রহমান, সোনালী ব্যাংকের এমডি প্রদীপ কুমার দত্ত, এনসিসি ব্যাংকের এমডি মোহাম্মদ নুরুল আমীন, ইসলামী ব্যাংকের এমডি আবদুল মান্নান ও পূবালী ব্যাংকের এমডি হেলাল আহমেদ চৌধুরী। অনুষ্ঠানে জানানো হয়, বৈদেশিক মুদ্রা লেনদেনে অনিয়ম শনাক্ত করতে ‘অনলাইন ই-এক্সপি’, ‘অনলাইন ইমপোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম’, ‘অনলাইন টিএম ফর্ম ম্যানেজমেন্ট সিস্টেম’ এবং ‘অনলাইন সি-ফর্ম অ্যান্ড ওয়েজ আর্নার্স রেমিট্যান্স রিপোর্টিং সিস্টেম’ নামে পৃথক চারটি মডিউল ড্যাশবোর্ডে স্থাপন করা হয়েছে। এর মধ্যে প্রথমটির মাধ্যমে ব্যাংকগুলোর রপ্তানির তথ্য জমা নেওয়া হবে, দ্বিতীয়টির মাধ্যমে আমদানির তথ্য, তৃতীয়টির মাধ্যমে প্রবাসীদের পাঠানো আয় এবং চতুর্থটি ব্যবহার করে দেশ থেকে বিভিন্ন দেশে যেসব রেমিট্যান্স যাচ্ছে, সেই তথ্য জমা নেওয়া হচ্ছে। সব ব্যাংকের নিজ নিজ বৈদেশিক মুদ্রা লেনদেনকারী (এডি) শাখা থেকে দৈনিক ভিত্তিতে এ তথ্য জমা নেওয়া হয়। এতে করে কোন শাখা থেকে কোন গ্রাহকের অনুকূলে লেনদেন হচ্ছে, তা জানা যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক শিগগিরই আরও নতুন দুটি ড্যাশবোর্ড স্থাপন করতে যাচ্ছে। এই দুটি হলো: সুপারভিশন ও মনিটরি পলিসি ড্যাশবোর্ড।গভর্নর ড্যাশবোর্ড উদ্বোধনকালে বলেন, ব্যাংকের আর্থিক বিবরণী এবং কেন্দ্রীয় ব্যাংকের তদারক বিভাগের তথ্য-উপাত্তের ধারা থেকে অনিয়ম-জালিয়াতি-অপতৎপরতার সম্ভাব্য প্রবণতা চিহ্নিত করতে অনলাইন ইলেকট্রনিক সুপারভিশন ড্যাশবোর্ড গঠন করা হয়েছে। অনুষ্ঠানে সার্বিক বিষয়ের ওপর একটি প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন বিভাগের উপপরিচালক আনিছুর রহমান।