অনিয়মের অভিযোগে এম এইচ চৌধুরী সিকিউরিটিজে লেনদেন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ-সংক্রান্ত নিয়ম ভঙ্গ করায় এবং এ-সংক্রান্ত হিসাবে গরমিলের অভিযোগে এম এইচ চৌধুরী সিকিউরিটিজ লিমিটেডে লেনদেন স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের তদারকি দল (মনিটরিং টিম) ওই হাউসের বিরুদ্ধে এ-সংক্রান্ত অভিযোগের প্রমাণ পাওয়ায় তাত্ক্ষণিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।আজ ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, ডিএসইর তদারকি দল আজ এম এইচ চৌধুরী সিকিউরিটিজ লিমিটেড পরিদর্শনে যায়। তারা ওই হাউসের বিরুদ্ধে একাধিক অনিয়ম খুঁজে পায়। এর মধ্যে রয়েছে সিকিউরিটিজ আইনকানুন না মানা এবং রেকর্ড বুকে গরমিল। এরই পরিপ্রেক্ষিতে ডিএসইর তদারকি দল ওই হাউসের রেকর্ড বুক যথাযথভাবে নিরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। নিরীক্ষা চলাকালীন ব্রোকারেজ হাউসটির লেনদেন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ডিএসই।এদিকে তদন্ত চলাকালীন ওই ব্রোকারেজ হাউসের সঙ্গে সংশ্লিষ্ট কোনো বিনিয়োগকারী তাঁদের কাছে থাকা শেয়ার লেনদেন করতে চাইলে লিংক অ্যাকাউন্ট ব্যবহারের মাধ্যমে তা করতে পারবেন বলে ওয়েবসাইটে উল্লেখ করা হয়।এ বিষয়ে বিনিয়োগকারীদের ওই হাউসের পক্ষ থেকে কোনো প্রকার হয়রানি করা হলে তা ডিএসই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। যোগাযোগের নম্বর ৯৫৬৪৬০১, এক্স-১১১, ১৫৩, ১৬২, ২৩৯, ১৯৩ ও ২৭১।