অনিয়মের ঋণগুলো অবলোপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনালী ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখায় আট গ্রাহক প্রতিষ্ঠানের প্রায় ৩৫০ কোটি টাকার ঋণ অবলোপন করা হয়েছে। এই ঋণগুলো বিতরণ করা হয়েছিল বড় ধরনের অনিয়ম করে।
প্রধান কার্যালয় ঋণ অনুমোদনের ক্ষেত্রে কোনো নিয়মনীতি মানেনি। শাখা পর্যায় থেকেই প্রধান কার্যালয়ের অনেক নির্দেশনা উপেক্ষা করা হয়েছে। শেষ পর্যন্ত ঋণগুলো রাইট অফ বা অবলোপনও করা হয়েছে। অর্থাৎ নজরের বাইরে পৃথক হিসাবে চলে গেছে। মামলা করা হয়েছে। কিন্তু দেশের বাস্তবতায় এই মামলার ফলাফল কী হবে, তা নিয়েও বিশ্লেষকদের মধ্যে সংশয় আছে।
সরেজমিনে চট্টগ্রামে গিয়ে জানা যায়, এই ৩৫০ কোটি টাকার ঋণের মধ্যে রয়েছে জাসমির ভেজিটেবল মিলসের ৯৯ কোটি ৬৫ লাখ টাকা, ইমাম ট্রেডার্সের ৮০ কোটি ৯৮ লাখ টাকা, মহিউদ্দিন করপোরেশনের ৪০ কোটি ৪৭ লাখ টাকা, এ কে এন্টারপ্রাইজের ৪৩ কোটি টাকা, এস এ অয়েল বিফাইনারির ৩৩ কোটি ৫২ লাখ টাকা, কামাল এন্টারপ্রাইজের ৩১ কোটি ৯২ লাখ টাকা ও ক্লুয়িস্টন ট্রেডিংয়ের ২৪ কোটি ২৭ লাখ টাকা। তবে এস এ অয়েল রিফাইনারির ঋণ সম্প্রতি পরিশোধ হয়েছে বলে একটি সূত্র জানায়।
চট্টগ্রাম অঞ্চলের সোনালী ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) দিদার মো. আবদুর রব প্রথম আলোকে বলেন, ‘এগুলো নিয়ে আগেও অনেক লেখালেখি হয়েছে। খারাপ মানের এই ঋণগুলো অবলোপন করা হয়েছে। এগুলো আগের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের আমলে দেওয়া ঋণ।’
সোনালী ব্যাংকের এক পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, জাসমির ভেজিটেবলের ঋণপত্র খোলা ও এলটিআর অনুমোদন তৎকালীন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবীরের পরামর্শে হয়েছে। হুমায়ুন কবীরের সঙ্গে জাসমির ভেজিটেবলের এমডি জহির আহমেদের আলোচনার পরিপ্রেক্ষিতে অর্থায়ন-প্রক্রিয়া শুরু হয়। বিপুল পরিমাণ ঋণপত্র (এলসি) অর্থায়ন করা হলেও সহায়ক জামানত ছিল নামমাত্র। ঋণ মঞ্জুরের শর্তে ১৪ কোটি টাকার এফডিআর নেওয়ার কথা থাকলেও পরবর্তী সময়ে মাত্র সাত কোটি টাকার এফডিআর নেওয়ার বিধান করা হয়েছে। আবার পরবর্তী সময়ে মেয়াদোত্তীর্ণ ঋণ থাকা অবস্থায় নতুন করে ঋণপত্রের সীমা বাড়ানো হয়।
পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, এ কে এন্টারপ্রাইজের অনুকূলে ঋণসীমা মঞ্জুরের আগে জামানত ছাড়াই ২৮ কোটি ২০ লাখ টাকার এলসি খোলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য (সিআইবি) প্রতিবেদন ছাড়াই ঋণপত্র খোলা হয়। অথচ সিআইবি প্রতিবেদন অনুসারে তখন এসএমএ মানে শ্রেণীকৃত ঋণ ছিল প্রতিষ্ঠানটির।
এস এ অয়েলের ১৮ ব্যাংকে প্রায় এক হাজার ৪০ কোটি টাকার দায় এবং তার মধ্যে প্রায় ২০৪ কোটি টাকা মেয়াদোত্তীর্ণ থাকা অবস্থায় এলসি ও এলটিআর সীমা অনুমোদন ও নবায়ন করা হয়। কিন্তু ক্লিন সিআইবি প্রতিবেদন সংগ্রহ করা হয়নি।
ক্লিন সিআইবি সংগ্রহ না করে মহিউদ্দিন করপোরেশকেও ঋণ দেওয়া হয়েছে।
আর যে মনোয়ারা ট্রেডিংয়ের মাধ্যমে ইমাম গ্রুপকে সোনালী ব্যাংক ৭৫ কোটি টাকার ঋণসুবিধা দিয়েছে। পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, এটি একটি নামসর্বস্ব প্রতিষ্ঠান। ২৬৩/১ ইউনুস সওদাগর বিল্ডিং (তৃতীয় তলা), খাতুনগঞ্জ—এই ঠিকানায় এর কোনো অস্তিত্ব নেই।
ব্যাংকের বিপুল পরিমাণ অর্থ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়লেও এসব ঋণ অনিয়মের জন্য কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেয়নি ব্যাংক। উপরন্তু তৎকালে ব্যাংকের প্রধান নির্বাহী ও দুজন পরিচালক চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলে সভা করে গ্রাহক ‘হান্টিং’ করে এসব প্রতিষ্ঠানকে আবিষ্কার করেন। এদের অধিকাংশ সোনালী ব্যাংকে নতুন গ্রাহক ছিল।
অন্যদিকে সরেজমিনে সোনালী ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় গিয়ে জানা যায়, একটি ভালো প্রতিষ্ঠানে ঋণ দেওয়ার পর স্টকলট হলে ঋণ পরিশোধ আটকে পড়ায় শাখার ব্যবস্থাপকসহ আরও দুই কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এখনো বরখাস্ত আদেশ বহাল থাকায় শাখায় ক্ষোভ রয়েছে বলে জানান একাধিক কর্মকর্তা।
জানা যায়, কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করার সময় আল্লামা ফ্যাশনসের ঋণটি পুনঃ তফসিলের প্রস্তাব পর্ষদে উপস্থাপনের জন্য তৈরি ছিল। কর্মকর্তাদের বিরুদ্ধে আনা তিন কোটি ৩৭ লাখ টাকার অভিযোগের ঋণের এক কোটি ৭৯ লাখ টাকা ইতিমধ্যেই আদায়ও হয়েছে। উল্লেখ্য, আল্লামা ফ্যাশনসের সাত কোটি টাকার স্টকলট হয়েছিল। ব্যাংকের কর্মকর্তারা সাময়িক বরখাস্তের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট আবেদন করলে আদালত রুল ও যথানিয়মে বিভাগীয় মামলা নির্ধারণের আদেশ দিলেও অজ্ঞাত কারণে ব্যাংক তা এখনো উপেক্ষা করে চলেছে।