অনুকূলে রয়েছে চলতি হিসাবের ভারসাম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) দেশের চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত অবস্থা অব্যাহত আছে। এই উদ্বৃত্তের পরিমাণ দাঁড়িয়েছে ২১৬ কোটি ১০ লাখ ডলার। অন্যদিকে গত অর্থবছরের একই সময়ে চলতি হিসাবে প্রায় ১২ কোটি ডলারের ঘাটতি ছিল। আবার আলোচ্য সময়ে বাণিজ্য ঘাটতি গত অর্থবছরের একই সময়ের তুলনায় কমে গেছে। চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম ১০ মাসে পণ্যবাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ৫৯২ কোটি ডলার। আর গত অর্থবছরের একই সময়ে ঘাটতির পরিমাণ ছিল ৭৫৩ কোটি ২০ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যান থেকে এসব তথ্য পাওয়া গেছে। তথ্য থেকে বোঝা যায়, লেনদেনের ভারসাম্য পরিস্থিতি যথেষ্ট অনুকূলে আছে। অবশ্য একই সঙ্গে এই পরিস্থিতি দেশে বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্লথগতিও নির্দেশ করে।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুসারে, এই সময়কালে সেবা খাতের বাণিজ্যে ঘাটতি বেড়ে হয়েছে ২৭৫ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে ঘাটতি ছিল ২৪২ কোটি ৬০ লাখ ডলার। সেবা খাতের বাণিজ্যে মূলত বিমা, ভ্রমণ ইত্যাদি অন্তর্ভুক্ত হয়ে থাকে।

সাধারণভাবে চলতি হিসাবের মাধ্যমে দেশের নিয়মিত বৈদেশিক লেনদেন পরিস্থিতি বোঝানো হয়। আমদানি-রপ্তানিসহ অন্যান্য নিয়মিত আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। এখানে উদ্বৃত্ত হলে চলতি লেনদেনের জন্য দেশকে সাধারণত কোনো ঋণ করতে হয় না। আর ঘাটতি থাকলে তা পূরণ করতে ঋণ নিতে হয়।

মূলত প্রবাসী আয়ের উচ্চ প্রবাহের কারণেই চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্তাবস্থা বজায় রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের লেনদেনের ভারসাম্য সারণি থেকে আরও দেখা যায়, অর্থবছরের ১০ মাসে আর্থিক হিসাবে ২৩৯ কোটি ৬০ লাখ ডলারের উদ্বৃত্ত দেখা দিয়েছে। গত অর্থবছরের একই সময়ে ১১২ কোটি ২০০ লাখ ডলারের উদ্বৃত্ত ছিল।

কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিশ্লেষণ করলে আরও দেখা যায়, বিদেশি বিনিয়োগ ও বিদেশি সহায়তা বেড়ে যাওয়ায় কিছুটা ইতিবাচক প্রভাব পড়েছে। 

এতে দেখা যায়, ২০১২-১৩ অর্থবছরের প্রথম ১০ মাসে দেশে ১১০ কোটি ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসেছে। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ১০২ কোটি ৬০ লাখ ডলারের বিনিয়োগ।

এই সময়ে মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণ বাবদ দেশে এসেছে ১৫১ কোটি ৯০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় সাড়ে ৩২ দশমিক ৮৯ শতাংশ বেশি।

সার্বিকভাবে চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে লেনদেনের ভারসাম্যে ৪৪২ কোটি ৯০ লাখ ডলারের উদ্বৃত্ত দাঁড়িয়েছে। তবে গত অর্থবছরের একই সময়ে ১০ কোটি ৬০ লাখ ডলারের ঘাটতি ছিল।

আবার এপ্রিল শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক হাজার ৪৪৮ কোটি ডলারের ওপরে উঠেছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুসারে এটি প্রায় সাড়ে চার মাসের বেশি আমদানি ব্যয় মেটাতে সক্ষম। গত অর্থবছরের এপ্রিল শেষে যেখানে রিজার্ভ ছিল ৯৯৭ কোটি ৩০ লাখ ডলার।