অনুন্নয়নের দায় বিএনপির, বললেন অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেট বক্তৃতায় বলেছেন, ‘চলতি ২০১৪-১৫ অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা স্থির করেছিলাম ৭ দশমিক ৩ শতাংশ। অর্থবছরের প্রথমার্ধের সন্তোষজনক গতিধারা বজায় থাকলে এ লক্ষ্যের কাছাকাছি যেতে পারতাম।...দ্বিতীয়ার্ধের শুরুতে ২০ দলীয় জোটের ধ্বংসযজ্ঞ অর্থনীতির সাবলীল গতিকে ব্যাহত করেছে। যদিও জনগণের স্বতঃস্ফূর্ততায় অল্প সময়েই অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক হয়ে এসেছে।’ আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে দেওয়া বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ কথা বলেন।
তবে শুধু জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নয়, বাজেট বক্তৃতার সূচনা থেকে শেষ পর্যন্ত অর্থমন্ত্রী বেশ কয়েকবার বিএনপিসহ ২০ দলীয় জোটের তাণ্ডবের কারণে বিভিন্ন ক্ষেত্রের উন্নয়ন কীভাবে ব্যাহত হয়েছে তা উল্লেখ করেন। তবে বিএনপি নেতৃত্বাধীন জোটের চালানো বিভিন্ন তাণ্ডবের ফলে আসলেই কোন খাতে কত ক্ষতি হয়েছে বাজেট বক্তৃতায় তার কোনো উল্লেখ করা হয়নি।
অর্থমন্ত্রী বলেন, ‘আমার স্বীকার করতে দ্বিধা নেই-বিশ্ব অর্থনীতির শ্লথগতি, প্রতিকূল রাজনৈতিক পরিবেশ এবং ব্যক্তি খাতে বিনিয়োগের অপর্যাপ্ততার কারণে ৬ষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা মেয়াদে লক্ষ্য অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়নি।’
অর্থমন্ত্রী বলেন, ‘সম্ভাবনাময় বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে ২০১৪-১৫ অর্থবছরে আমাদের চলতি মেয়াদের প্রথম বাজেট ঘোষণা করেছিলাম। লক্ষ্য অনুযায়ী সাত শতাংশের ওপর প্রবৃদ্ধি অর্জনের পথে প্রথম ছয় মাসে অগ্রগতি আমাদের প্রত্যাশার চেয়েও অধিক ছিল। কিন্তু একটি অসাংবিধানিক দাবিকে সামনে রেখে বিএনপি নেতৃত্বাধীন জোট গত জানুয়ারি মাস থেকে দেশব্যাপী ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হয়।’
বাজেট বক্তৃতায় তিনি বলেন, অবরোধ কর্মসূচি আর পেট্রল বোমা ও ককটেলের ব্যবহারে বিপর্যস্ত হয় শিশু, নারী-পুরুষ নির্বিশেষে সাধারণ মানুষের জীবন। অগ্নিদগ্ধ করে শতাধিক মানুষকে। এদের তাণ্ডবে এসএসসি ও সমমানের পরীক্ষার্থীরা একটি পরীক্ষাও সময়মতো দিতে পারেনি। এর পাশাপাশি তাঁর বক্তব্যে ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ এসেছে। জোরেশোরে অংশগ্রহণ করে ফলাফল পক্ষে যাচ্ছে না আঁচ করে বিএনপির শেষ মুহূর্তে নির্বাচন বয়কট করে বলে তিনি মন্তব্য করেন।
বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘ভালো খবর হলো যে, তাদের মনোনীত প্রার্থীদের অনেকেই উপযুক্ত খেলোয়াড়ের মতো শেষ মুহূর্ত পর্যন্ত বয়কটের ডাক উপেক্ষা করে নির্বাচনে প্রতিযোগিতা বহাল রাখেন। একই সঙ্গে আমাদের জনমুখী ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে সাধারণ জনগণের একাত্মতা, ধ্বংসাত্মক সব প্রচেষ্টা প্রত্যাখ্যান করে অর্থনৈতিক কর্মকাণ্ডে বজায় রেখেছে স্বাভাবিক গতি।’
অর্থমন্ত্রী বক্তৃতায় তাঁর স্বপ্নের দিগন্ত প্রসারিত করার কথা উল্লেখ করে বলেন, ‘ছয় শতাংশের বৃত্ত ভেঙে উচ্চ প্রবৃদ্ধির সোপানে আরোহণ এবং মাথাপিছু আয়ের ধারাবাহিক উত্তরণ ঘটিয়ে ২০৪১ সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধিশালী দেশের কাতারে শামিল হওয়া আমাদের চূড়ান্ত লক্ষ্য। তবে এর জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। আমি আশা করব, জনগণের জীবনমানের উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল স্বতঃস্ফূর্ত সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। বিরত থাকবে সহিংসতা ও নাশকতার মতো সকল জনবিরোধী কর্মকাণ্ড থেকে। দায়িত্বপূর্ণ আচার-আচরণ এবং পরস্পরের প্রতি সহনশীলতার মাধ্যমে প্রসার ঘটাবে গণতান্ত্রিক সংস্কৃতির। নিশ্চিত করবে বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণ-যাঁদের শ্রমে-ঘামে ক্রমশ মজবুত হয়ে উঠছে আমাদের অর্থনীতি।’
জনগণের অকুণ্ঠ সমর্থনে পর পর দুই মেয়াদে উন্নয়ন ও সমৃদ্ধির জন্য এক সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে বক্তৃতায় উল্লেখ করা হয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়টিকে গুরুত্ব দিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘জনগণকে আশ্বস্ত করতে চাই, সবার সহযোগিতা পেলে বিশেষ করে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে এ মেয়াদেও আমরা অনেক দূর এগোতে পারব।’
অর্থমন্ত্রী বক্তৃতার ‘সূচনা এবং প্রেক্ষাপট’ এ যুদ্ধাপরাধীদের বিচার-বিরোধী উগ্র সাম্প্রদায়িক শক্তির তাণ্ডবলীলা ও বিএনপি নেতৃত্বাধীন জোটের অপ-রাজনীতির শিকার হয়ে অকালে প্রাণ হারিয়েছেন কিংবা অগ্নিদগ্ধ হয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এসব শহীদদের পরিবার-পরিজন এবং বিভিন্ন হাসপাতালের বার্ন ইউনিটে অগ্নিদগ্ধ যন্ত্রণাকাতর মানুষদের প্রতি গভীর সহমর্মিতা জানিয়েছেন। সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের নিরন্তর অভিযাত্রায় তাঁদের এ অনন্য আত্মত্যাগ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
বাজেট বক্তৃতার শেষে অর্থমন্ত্রী সব ধরনের অকল্যাণকর ও জনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান। অর্থমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘বাস্তবে রূপকল্পের স্বপ্ন পূরণের পথে আমরা অনেকখানি এগিয়েছি। এখন শুধু অনুকূল রাজনৈতিক পরিবেশ পেলেই আমরা আরও এগিয়ে যাব।