অনুমান করে চামড়া কিনতে হবে বগুড়ার ব্যবসায়ীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ট্যানারিগুলো থেকে কোনো দিকনির্দেশনা না থাকায় ও দাম নির্ধারণ না হওয়ায় বগুড়ার চামড়া ব্যবসায়ীরা মহাসংকটে পড়েছেন। কারণ, তাঁদের এবার অনুমানের ওপর চামড়া কিনতে হবে।একই সঙ্গে ট্যানারির মালিকদের কাছে আগের বকেয়া কয়েক কোটি টাকা আটকে থাকায় ব্যবসায়ীরা পুঁজি-সংকটে পড়েছেন। ফলে ঠিকমতো চামড়া কেনা সম্ভব না-ও হতে পারে। এতে ভারতে চামড়া পাচার হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।উত্তরাঞ্চলের চামড়ার বড় বাজার বগুড়া। কোরবানির সময় প্রায় এক লাখ গরু-ছাগলের চামড়া কেনা হয়। বড় ১৫ জন ব্যবসায়ীসহ সব মিলিয়ে চামড়া ব্যবসায়ীর সংখ্যা ৩৬৫ জন। মৌসুমি ব্যবসায়ী তো আছেনই। ব্যবসায়ীরা জানান, প্রতিবছর বগুড়ায় কয়েক কোটি টাকার চামড়া কেনাবেচা হয়। কিন্তু এসব চামড়ার মূল্য ঢাকার ট্যানারির মালিকেরা সময়মতো পরিশোধ করেন না। চার বছর ধরে বগুড়ার ব্যবসায়ীদের প্রায় ১০ কোটি টাকা বকেয়া রয়েছে। ট্যানারির মালিকেরা অল্প সময়ের মধ্যে টাকা পরিশোধের আশ্বাস দিয়ে নানা অজুহাতে তা আটকে রেখেছেন। কোরবানির আগমুহূর্তে কিছু টাকা দিয়ে বলা হয়, ঈদের চামড়া দিলে বাকি থেকে কিছু পরিশোধ করা হবে। এভাবেই তাঁরা লেনদেন করে আসছেন। ব্যবসায়ীদের অভিযোগ, অনেকেই ঋণ নিয়ে চামড়া কেনাবেচা করেন। কিন্তু ট্যানারির মালিক ও আড়তদারেরা চামড়ার দাম পরিশোধ না করায় ও কমিয়ে দেওয়ায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অর্থসংকটের কারণে অনেক ব্যবসায়ী চামড়া কিনতে পারবেন না। এ সুযোগে ভারতে প্রচুর চামড়া পাচার হওয়ার আশঙ্কা রয়েছে।বর্তমানে বগুড়ায় প্রতি বর্গফুট ভালো মানের গরুর চামড়া ৮০ থেকে ৯০ টাকা এবং কিছুটা নিম্নমানের চামড়া ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি বর্গফুট ছাগলের চামড়া ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। বগুড়ার চামড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মতিন বলেন, অনুমান করেই চামড়া কিনতে হবে। বর্তমান বাজারদরেই হয়তো কেনা হবে। তবে ঈদের আগে নির্দেশনা এলে অবস্থা পাল্টে যেতে পারে। বগুড়ার চামড়া ভারতে পাচারের সম্ভাবনা নাকচ করে দেন তিনি।