অনুমোদন কেন অবৈধ হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমসের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও অনুমোদন কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে অর্থ মন্ত্রণালয়, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও কোম্পানি কর্তৃপক্ষকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি শেষে গতকাল সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন।
এর আগে গত সপ্তাহে কোম্পানিটির আইপিওর বিরুদ্ধে আদালতে আবেদন দায়ের করা হয়। তাতে কোম্পানিটির শেয়ারের অধিমূল্য বা প্রিমিয়ামকে অতিরিক্ত বলে দাবি করা হয়। এ ছাড়া কোম্পানিটির আর্থিক প্রতিবেদনের বিষয়েও সন্দেহ প্রকাশ করা হয়েছে। আবেদনের পক্ষে গতকাল শুনানিতে অংশ নেন আইনজীবী তৌফিকুল ইসলাম। কোম্পানিটির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও তানজীব উল আলম। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আল আমিন সরকার।
পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের পারিবারিক কোম্পানি শাশা ডেনিমস আইপিওর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১৭৫ কোটি টাকা সংগ্রহ করছে। ১০ টাকা অভিহিত মূল্য বা ফেসভ্যালুর সঙ্গে ২৫ টাকা অধিমূল্য যোগ করে আইপিওতে প্রতিটি শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৫ টাকা। গতকাল সোমবার থেকে কোম্পানিটির আইপিওর চাঁদা বা অর্থ গ্রহণ শুরু হয়েছে।