>

বাংলাদেশে বর্তমানে অনুমোদিত মানি চেঞ্জার প্রতিষ্ঠান রয়েছে ২৩৪টি। ২০০৮ সালে গঠন করা হয় মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। বর্তমানে সদস্য ১৫৩টি প্রতিষ্ঠান। সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা হয় অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা খানের
প্রথম আলো: বাংলাদেশে দীর্ঘদিন ধরে ব্যাংকের পাশাপাশি মানি চেঞ্জারগুলোও বৈদেশিক মুদ্রা বেচাকেনার কাজ করছে। কেমন চলছে মানি চেঞ্জারগুলোর কার্যক্রম?
মোস্তফা খান: বৈধভাবে যারা মানি চেঞ্জারের ব্যবসা করছে, তারা ব্যাংকের সঙ্গে খুব একটা বেশি পার্থক্যে বৈদেশিক মুদ্রা কেনাবেচা করতে পারছে না। তবে নামসর্বস্ব কিছু মানি চেঞ্জার ও ট্রেডার পর্যটন এলাকাগুলোতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারা কোনো নিয়মের মধ্যে নেই, তাদের কর দিতে হয় না, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। এ কারণে তারা কিছুটা কম মূল্যে মুদ্রা কেনাবেচা করতে পারছে। ফলে গ্রাহকেরাও তাদের দিকে ঝুঁকছে। যাতে বৈধ মানি চেঞ্জারগুলোর ব্যবসা অনেকটা কমে গেছে। তবে বাজারে দেখা যাচ্ছে, যারা অবৈধভাবে ব্যবসা করছে, তারা হুন্ডির মাধ্যমে অর্থ আনছে। অর্থ পাচারেও তারা জড়িত। এক দেশ থেকে অর্থ নিয়ে অন্য দেশে পরিশোধ হয়ে যাচ্ছে। কানাডা, মালয়েশিয়া বাড়ি কিনছে, এসব অর্থ হুন্ডির মাধ্যমে পরিশোধ হচ্ছে। ফলে দেশে নগদ বৈদেশিক মুদ্রা আসা কমে গেছে। এতে করে দেশে নগদ ডলারের একটা সংকট চলছে।
প্রথম আলো: মানি চেঞ্জারগুলো বৈদেশিক মুদ্রা কীভাবে পাচ্ছে। কেউ তো আমদানি করছে না?
মোস্তফা খান: বিদেশ থেকে আসার সময় যেকোনো বাংলাদেশি পাঁচ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে আনতে পারেন। এসব মুদ্রা সাধারণত আমাদের কাছে আসে। আমরা সেগুলো ক্রয় করে পরে অন্যের কাছে বিক্রি করি।
প্রথম আলো: মানি চেঞ্জারগুলো কি পরিমাণ বৈদেশিক মুদ্রা কেনাবেচা করতে পারে?
মোস্তফা খান: আমরা ঘোষণা ছাড়াই দৈনিক পাঁচ হাজার ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা কিনতে পারি। তবে ঘোষণা দিয়ে যেকোনো পরিমাণ মুদ্রা কেনার সুযোগ রয়েছে। তবে আমাদের দৈনিক স্থিতি ৫০ হাজার ডলারের সমপরিমাণ যেকোনো মুদ্রা। নিজেদের রিজার্ভে ২৫ হাজার ডলারের বেশি রাখতে পারি না। যেকোনো একজন বৈধ পাসপোর্টধারীর কাছে সর্বোচ্চ ২০০ ডলার বিক্রি ও অ্যানডোর্স করা যায়। টিকিটসহ ভিসা থাকলে এক হাজার ডলার পর্যন্ত বিক্রি ও অ্যানডোর্স করা যায়। তবে সার্কভুক্ত দেশের বাইরে অন্য দেশে গেলে তো এক হাজার ডলারে চলে না। এটা বাড়ানোর জন্য আমরা কয়েকবার আবেদন করেও পাইনি।
প্রথম আলো: ইউরো ও পাউন্ডের দাম কমল। এরপর বাতিল হয়ে গেল ভারতের ৫০০ ও ১০০০ রুপির নোট। মানি চেঞ্জারগুলোর কি কোনো সমস্যা হচ্ছে?
মোস্তফা খান: আমরা ডলার ছাড়া অন্য মুদ্রা সাধারণত ধরে রাখি না। ফলে কোনো সমস্যা হয়নি। ভারতের রুপি বাতিল হওয়ায় কয়েক লাখ ভ্রমণকারী ক্ষতিতে পড়েছেন। আমরাও কেনাবেচা বন্ধ করে দিয়েছি। বাংলাদেশ ব্যাংকও এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট ঘোষণা দিচ্ছে না। ভারতও দেশের বাইরে মুদ্রা কীভাবে পরিবর্তন করা হবে, সে ব্যাপারে কোনো ঘোষণা দেয়নি। এর আগে ইরাক ও লিবিয়ার মুদ্রা কিনেও ব্যাংকগুলো বিপাকে পড়েছে, যা পরবর্তী সময়ে বাতিল হয়ে গেছে। পুরোটাই লোকসান হয়েছে বাংলাদেশের।
প্রথম আলো: মানি চেঞ্জারগুলোর বিরুদ্ধে নানা অভিযোগ। জঙ্গি অর্থায়ন, হুন্ডি ব্যবসা, জাল নোট ছাড়া আরও নানা অভিযোগ রয়েছে।
মোস্তফা খান: মানি চেঞ্জার-সংশ্লিষ্ট কিছু ব্যক্তি লাইসেন্স নিয়ে প্রতিষ্ঠানকে লিমিটেড করে নিয়েছে। এরপর যে কেউ ব্যবসায় নেমেছে।
সারা বাংলাদেশে অনেকে ইচ্ছেমতো অনুমোদন ছাড়াই বৈদেশিক মুদ্রার ব্যবসা করছে, কিন্তু কেউ দেখছে না।