অনুমোদন পেল এক্মি ও ড্রাগন সোয়েটার
শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি এক্মি ল্যাবরেটরিজ শেয়ারের দরপ্রস্তাব (বিডিং) কার্যক্রম সম্পন্ন করার অনুমোদন পেয়েছে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতকাল এ অনুমোদন দেয়। একই সভায় বস্ত্র খাতের ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিংকে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এবং একটি বেমেয়াদি মিউচুয়াল ফান্ডও অনুমোদন করা হয়।
বিএসইসি জানিয়েছে, বুক বিল্ডিং পদ্ধতিতে এক্মি ল্যাবরেটরিজ পাঁচ কোটি শেয়ার ছাড়বে। এতে যে অর্থ সংগ্রহ হবে তা দিয়ে নতুন তিনটি প্রকল্প বাস্তবায়ন করবে।
২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত আর্থিক বছর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দেখানো হয়েছে ৫ টাকা ৬৫ পয়সা।
ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং আইপিওর মাধ্যমে ১০ টাকা অভিহিত মূল্যে ৪ কোটি শেয়ার ছেড়ে ৪০ কোটি টাকা সংগ্রহ করবে। তা যন্ত্রপাতি ক্রয়, ভবন নির্মাণে ব্যয় করা হবে।
এ ছাড়া পেনিনসুলা এএমসিএল বিডিবিএল ইউনিট ফান্ড ওয়ান নামে নতুন একটি বেমেয়াদি মিউচুয়াল ফান্ডের বিবরণী বা প্রসপেক্টাস অনুমোদন করেছে বিএসইসি। ১০ কোটি টাকার এ তহবিলের আট কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করা হবে।