অনুমোদনহীন মুঠোফোন যন্ত্রপাতির বিরুদ্ধে আবার অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে অবৈধভাবে আমদানি করা টেলিযোগাযোগ যন্ত্রপাতির বিক্রি বন্ধে নতুন অভিযানের ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অনুমোদনহীন রোবটসহ স্মার্টওয়াচ ও আরও কিছু নেটওয়ার্কিং যন্ত্রপাতি ধরা পড়ার পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিটিআরসি এই নির্দেশনা জারি করেছে বলে জানা গেছে।

বিটিআরসির স্পেকট্রাম ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক লে. কর্নেল সুফি মোহাম্মদ মইনুদ্দিন স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছে, বিটিআরসির অনুমোদন না নিয়েই কিছু কিছু ব্যবসায়ী টেলিযোগাযোগ যন্ত্রপাতি বিশেষ করে মুঠোফোন, ট্যাবলেট পিসি, ওয়াকিটকি, ফিক্সড ওয়্যারলেস ফোনসহ মডেম আমদানি ও বিক্রি করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় অবৈধ বেতারযন্ত্র ধরতে বিটিআরসি শিগগিরই অভিযান শুরু করবে। একই সঙ্গে অবৈধ যন্ত্রপাতি বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।