অনুমোদন পেল দুটি আইপিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে মূলধন সংগ্রহের অনুমোদন পেল আরও দুটি নতুন কোম্পানি। কোম্পানি দুটি হলো—মডার্ন পলি ইন্ডাস্ট্রিজ ও অ্যালায়েন্স হোল্ডিংস লিমিটেড। নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সভায় গতকাল বুধবার কোম্পানি দুটির আইপিওর প্রস্তাব অনুমোদন করা হয়। এ ছাড়া বৈঠকে দুটি মিউচুয়াল ফান্ড ও তালিকাভুক্ত একটি কোম্পানির রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।বৈঠক শেষে এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আনোয়ারুল কবীর ভূঁইয়া সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ‘এসইসির এসব সিদ্ধান্ত বাজারে শেয়ারের সরবরাহ-সংকট দূর করতে বড় ভূমিকা রাখবে।’ আনোয়ারুল কবীর জানান, নতুন দুই কোম্পানি বুক বিল্ডিং পদ্ধতিতে বাজারে আসবে। এর মধ্যে মডার্ন পলিমার ইন্ডাস্ট্রিজ ১০ টাকা অভিহিত মূল্যের তিন কোটি শেয়ার বাজারে ছাড়বে। বুক বিল্ডিং পদ্ধতির নিয়মানুযায়ী, কোম্পানিটির শেয়ারের নির্দেশক মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৪ টাকা।তবে আইপিওর মাধ্যমে কোম্পানিটি ঠিক কত টাকা সংগ্রহ করবে, নিলাম প্রক্রিয়া অনুষ্ঠানের আগে বলা সম্ভব নয়। এ প্রক্রিয়ায় কোম্পানিটি সর্বোচ্চ ২৩০ কোটি টাকা তুলতে পারবে।অপর কোম্পানির অ্যালায়েন্স হোল্ডিংসের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।অ্যালায়েন্স হোল্ডিংস ১০ টাকা অভিহিত মূল্যের সাড়ে তিন কোটি শেয়ার ছাড়বে। কোম্পানিটির শেয়ারের নির্দেশক মূল্য ঠিক করা হয়েছে ৮৮ টাকা। সর্বশেষ হিসাব অনুযায়ী, কোম্পানিটির ইপিএস দেখানো হয়েছে সাত টাকা ৬৯ পয়সা। আর শেয়ারপ্রতি এনএভি দেখানো হয়েছে ১০ টাকা ৩৫ পয়সা। বাজার থেকে সংগৃহীত টাকা কোম্পানিটি ব্যাংকঋণ পরিশোধসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করবে। মিউচুয়াল ফান্ড: অনুমোদন পাওয়া মিউচুয়াল ফান্ডের মধ্যে প্রাইম ফাইন্যান্সিয়াল ফার্স্ট ইউনিট ফান্ডটি হবে বেসরকারি খাতের প্রথম বেমেয়াদি ফান্ড। প্রাথমিকভাবে ২০ কোটি টাকা নিয়ে ফান্ডটি গঠিত হবে। ফান্ডের প্রতিটি ইউনিটের মূল্য হবে ১০০ টাকা। তবে এটি বাজারে লেনদেন হবে না। ফান্ডটির তিন কোটি টাকা জোগান দেবে উদ্যোক্তা প্রতিষ্ঠান প্রাইম ফাইন্যান্স। আর সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে বাকি ১৭ কোটি টাকা সংগ্রহ করা হবে। এর ব্যবস্থাপনা দায়িত্বে থাকবে প্রাইম ফাইন্যান্স অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি।পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড নামে অপর ফান্ডটির আয়তন হবে ২০০ কোটি টাকা। এ ফান্ডের উদ্যোক্তা প্রতিষ্ঠান পিএইচপি পাওয়ার জেনারেশন প্ল্যান্ট লিমিটেড। তারা ফান্ডের ২০ কোটি টাকা জোগান দেবে। বাকি ১৮০ কোটি টাকা প্রি-আইপিও এবং আইপিওর মাধ্যমে সংগ্রহ করা হবে। এ ফান্ডের ব্যবস্থাপনার দায়িত্বে থাকছে রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এর বাইরে এসইসির গতকালের সভায় ফিনিক্স ফাইন্যান্সের রাইট শেয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।