রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার থেকে জমি ও ফ্ল্যাটের পাঁচ দিনব্যাপী ‘রিহ্যাব মেলা’ শুরু হচ্ছে। মেলায় কোনো ডেভেলপার প্রতিষ্ঠান অনুমোদনহীন প্রকল্পসহ অংশ নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন রিহ্যাব নেতারা। মেলায় এবার ২৮১টি ডেভেলপার প্রতিষ্ঠান ও দুটি অর্থায়নকারী প্রতিষ্ঠানের স্টল থাকবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এ মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান।জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার এসব কথা জানান রিহ্যাবের নেতারা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন রিহ্যাবের সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের জ্যেষ্ঠ সহসভাপতি সুলতানা শাহেদা ইসলাম, সহসভাপতি রহিম খান, রিহ্যাব মেলা-২০১১-এর আহ্বায়ক রবিউল হক, মিডিয়া ও প্রকাশনা কমিটির চেয়ারম্যান এম আনিসুজ্জামান ভুইয়া প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বিদ্যুৎ ও গ্যাসসংযোগের অচলাবস্থা, ডেভেলপারদের উৎসে আয়কর বৃদ্ধি, বিদ্যুৎসংযোগের ক্ষেত্রে সোলার প্যানেল ব্যবহারের পূর্বশর্ত, শেয়ারবাজারে ধস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তারল্যসংকটসহ বিভিন্ন কারণে আবাসনশিল্পে বিরূপ প্রভাব পড়েছে। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জমির মূল্যের ঊর্ধ্বগতি, সেবা প্রদানকারী সংস্থাগুলোর সমন্বয়হীনতা, নির্মাণসামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ব্যাংক ঋণের উচ্চ হারে সুদ ও ভবনের নকশা অনুমোদনে দীর্ঘসূত্রতা ডেভেলপারদের কর্মকাণ্ড বাধাগ্রস্ত করছে। এ রকম অবস্থায় সরকারের সার্বিক পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা ছাড়া এ সমস্যা থেকে উত্তরণে বিকল্প কোনো পথ নেই বলেও জানান রিহ্যাব নেতারা।রিহ্যাবের সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল বলেন, রিহ্যাব সদস্যরা এবারের মেলায় শুধু অনুমোদিত প্রকল্প নিয়েই অংশ নেবেন। এর পরও যদি কোনো স্টলে অনুমোদহীন প্রকল্প বিক্রির প্রমাণ পাওয়া যায়, তবে তাৎক্ষণিকভাবে তা বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে অভিযুক্ত প্রতিষ্ঠানকে পরবর্তী দুই বছর মেলায় অংশ নিতে দেওয়া হবে না। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ইতিমধ্যে এ-সংক্রান্ত অঙ্গীকারপত্র নেওয়া হয়েছে বলেও তিনি জানান।সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এবার মেলা প্রাঙ্গণে রাজউকের একটি তদারকি কেন্দ্র থাকবে। রাজউকের কর্মকর্তারা সেখানে উপস্থিত থেকে মেলায় আগত ক্রেতাদের বিভিন্ন ধরনের সাহায্য-সহায়তা করবেন। আয়োজকেরা জানান, কাল উদ্বোধনের পর বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত দর্শক-ক্রেতাদের জন্য মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে। আর ১৬ থেকে ১৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলায় যেতে পারবেন দর্শক-ক্রেতারা। মেলায় মাথাপিছু দৈনিক প্রবেশমূল্য ৫০ টাকা। পাঁচ দিনের জন্য এককালীন প্রবেশমূল্য ১০০ টাকা। এবারের রিহ্যাব মেলায় কো-স্পন্সর হিসেবে আছে ২৫টি প্রতিষ্ঠান।