অনুমোদনহীন প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদনহীন কোনো আবাসন প্রতিষ্ঠানকে এবারের রিহ্যাব মেলায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি বলে দাবি করেছে দেশের আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)।সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি সুলতানা শাহেদা ইসলাম বলেছেন, ‘একটি প্রতিষ্ঠানের হয়তো ছয়টি প্রকল্প অনুমোদিত, চারটি অনুমোদনহীন। সেগুলো দেখা তো আমাদের পক্ষে সম্ভব নয়। এসব দেখার জন্য রাজউক থাকবে মেলায়। আর আমরাও এমন কোনো প্রকল্প বিক্রি করতে দেখলে ওই প্রতিষ্ঠানের স্টল বাতিল করব।’রিহ্যাবের গ্রীষ্মকালীন মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার ভারপ্রাপ্ত সভাপতি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।কাল বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব মেলা শুরু হবে। চলবে ১৭ জুন পর্যন্ত।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রিহ্যাবের মেলাবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান রবিউল হক বলেন, গ্যাস ও বিদ্যুৎ-সংযোগের অচলাবস্থা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে তারল্যসংকট এবং দূরদৃষ্টিসম্পন্ন পরিকল্পনার অভাবে দেশের গৃহায়ণশিল্পে বিরূপ প্রভাব পড়েছে। এ ছাড়া জমির দামে ঊর্ধ্বগতি, সেবা প্রদানকারী সংস্থাগুলোর সমন্বয়হীনতা, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি, ব্যাংকঋণের উচ্চ সুদহার, ভবনের নকশা অনুমোদনে জটিলতার কারণে আবাসন ব্যবসায়ীদের কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। এ খাত রক্ষায় এখন সরকারের পৃষ্ঠপোষকতা প্রয়োজন।ঢাকার চারপাশে উপশহর নির্মাণে রিহ্যাব ও রাজউকের মধ্যে সমঝোতা স্মারক সই হতে পারে বলে মন্তব্য করেন তিনি।এবারের মেলায় ১৬৬টি স্টল থাকছে। এর মধ্যে ভবন নির্মাণসামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠানের স্টল থাকবে পাঁচটি।স্টলের সংখ্যা কমে যাওয়ার বিষয়ে সুলতানা শাহেদা ইসলাম বলেন, সরকারের নীতিনির্ধারণী কিছু বিষয়, শেয়ারবাজারে ধস, নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি, ব্যাংক থেকে ঋণ না পাওয়ার কারণে আবাসন খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সে কারণে অনেকেই মেলায় অংশ নিচ্ছেন না।আবাসন খাতে কালোটাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার বিষয়ে সুলতানা বলেন, ‘এ জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।’আবাসন খাতে ভারতের সাহারা গ্রুপের বিনিয়োগসংক্রান্ত প্রশ্নের জবাবে ভারপ্রাপ্ত সভাপতি বলেন, ‘আমরা এ বিষয়টির প্রতিবাদ করেছি। আমাদেরই এক হাজারের বেশি ডেভেলপার আছে। তাদের উপশহর নির্মাণে কোনো সুযোগ দেওয়া হলো না। সাহারার সঙ্গে চুক্তি হলো। কিন্তু রিহ্যাবের সঙ্গে কোনো আলোচনাই করা হলো না।’সংবাদ সম্মেলনে রিহ্যাবের সাধারণ সম্পাদক মুরাদ ইকবাল চৌধুরী, রিহ্যাবের নেতা জহির আহমেদ, সাঈদ নজরুল, এম আনিসুজ্জামান ভূঁইয়া, রহিম খান বক্তব্য দেন।দর্শনার্থীরা কাল বৃহস্পতিবার রিহ্যাব মেলায় যেতে পারবেন বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত। অন্য দিনগুলোতে তাঁদের জন্য সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। মেলার প্রবেশমূল্য ৫০ টাকা। চার দিনের টিকিট একসঙ্গে কিনলে ১০০ টাকা।