অনুমোদনহীন ভবনে ব্যাংকের শাখা নয়
অনুমোদনহীন কোনো ভবনে ব্যাংকের কার্যালয় স্থাপন না করতে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কার্যালয় স্থাপনের আগেই ভবনের যথাযথ অনুমোদনের বিষয়টি নিশ্চিত করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক গতকাল ব্যাংকগুলোর কাছে এ-সংক্রান্ত নির্দেশনা পাঠায়। সাভারে একটি বহুতল ভবন ধসে পোশাকশ্রমিকসহ দুই শতাধিক প্রাণহানির ঘটনার পরিপ্রেক্ষিতে এ পরামর্শ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যাংকগুলো কার্যালয় স্থাপনের আগে নিজস্ব প্রকৌশল দল দিয়ে সংশ্লিষ্ট ভবনের কাঠামোগত সক্ষমতা নিরূপণ করবে। সেই সঙ্গে যেকোনো ধরনের দুর্ঘটনা মোকাবিলায় তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক পদক্ষেপও নিতে হবে। এ ছাড়া কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে সময়ে সময়ে অভ্যন্তরীণ পরিদর্শন দল দিয়ে পরিদর্শনের জন্যও ব্যাংকগুলোকে পরামর্শ দেওয়া হয়েছে।বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সাভারে ধসে পড়া ভবনে বেসরকারি একটি ব্যাংকের কার্যালয় ছিল। কিন্তু ব্যাংকটি সময়োচিত ব্যবস্থা নেওয়ায় গ্রাহক ও ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।