‘বাংলাদেশ ফান্ড’ নামে দেশের ইতিহাসের বৃহত্তম মেয়াদহীন বা ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড গঠনের অনুমোদন চেয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) আনুষ্ঠানিকভাবে আবেদন করা হয়েছে। তহবিলটির মূল উদ্যোক্তা রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান গতকাল মঙ্গলবার এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকারের সঙ্গে দেখা করে এ-সংক্রান্ত কাগজপত্র জমা দেন। ফায়েকুজ্জামান পরে প্রথম আলোকে জানান, ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। আর এক হাজার ইউনিট নিয়ে গঠিত হবে এর মার্কেট লট বা বাজার গুচ্ছ। তার মানে অভিহিত মূল্যের হিসাবে এক লট বা গুচ্ছ ইউনিটের দাম পড়বে এক লাখ টাকা। জানা গেছে, এসইসির অনুমোদন পাওয়ার পর বিভিন্ন বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ব্যক্তি উদ্যোক্তা ও প্রবাসী বাংলাদেশিদের আইসিবির মাধ্যমে ফান্ডটির ইউনিট কেনার জন্য আহ্বান জানানো হবে। এসইসির সদস্য মো. ইয়াসিন আলী সাংবাদিকদের জানান, অগ্রাধিকার ভিত্তিতে ফান্ডটির অনুমোদন দেওয়া হবে। প্রয়োজনে কমিশনের জরুরি বৈঠক ডেকে সিদ্ধান্ত নেওয়া হবে । শেয়ারবাজারে স্থিতিশীলতা ফেরাতে সরকারের নির্দেশে ব্যাংক, বিমাসহ সরকারি মালিকানাধীন আর্থিক খাতের আটটি প্রতিষ্ঠান গত ৬ মার্চ এ ফান্ডটি গঠনের উদ্যোগ নেয়। প্রাথমিকভাবে এটির আকার হবে পাঁচ হাজার কোটি টাকা। মেয়াদহীন হওয়ায় প্রয়োজনে ভবিষ্যতে ফান্ডটির আকার আরও বাড়তে পারে। ফায়েকুজ্জামান জানান, ইতিমধ্যে ফান্ডটির উদ্যোক্তাদের অংশগ্রহণ চূড়ান্ত হয়েছে। মূল উদ্যোক্তা হিসেবে আইসিবি ফান্ডের ১০ শতাংশ, অর্থাৎ ৫০০ কোটি টাকা দেবে। সহ-উদ্যোক্তা হিসেবে সোনালী ব্যাংক ২০০ কোটি, জনতা ব্যাংক ২০০ কোটি, রূপালী ব্যাংক ১০০ কোটি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ১০০ কোটি, সাধারণ বীমা করপোরেশন ১০০ কোটি টাকা দেবে। এ ছাড়া অগ্রণী ব্যাংক ও জীবন বীমা করপোরেশন মিলে বাকি ৩০০ কোটি টাকা দেবে বলে নিশ্চয়তা দিয়েছে। এ ক্ষেত্রে এসইসির অনুমোদন পাওয়ার পর বিভিন্ন বেসরকারি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ব্যক্তি উদ্যোক্তা ও প্রবাসী বাংলাদেশিদের ফান্ডটিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হবে বলেও তিনি জানান।