তিনটি উৎস থেকে মূল্যস্ফীতির চাপ আসতে পারে
অনুৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ নিরুৎসাহিত করার মুদ্রানীতি
অনুৎপাদনশীল খাত ও ফটকা কারবারে ঋণপ্রবাহ নিরুৎসাহিত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে।নতুন নীতিতে আগামী দিনগুলোয় তিনটি উৎস থেকে দেশে মূল্যস্ফীতির চাপ তৈরি হওয়ার বিষয়ও বিবেচনায় নেওয়া হয়েছে।আর তাই মূল্যস্ফীতির চাপ প্রশমনসহ অনুৎপাদনশীল খাতে অর্থপ্রবাহ নিয়ন্ত্রণ করতে বেসরকারি খাতের ব্যাংক ঋণে কিছুটা রাশ টানার পরিকল্পনা নেওয়া হয়েছে নতুন মুদ্রানীতিতে।গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান আনুষ্ঠানিকভাবে ষাণ্মাসিক মুদ্রানীতি ঘোষণা করেন। এ উপলক্ষে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয় ব্যাংকের তিন ডেপুটি গভর্নর নজরুল হুদা, জিয়াউল হাসান সিদ্দিকী ও মুরশিদ কুলী খান, গভর্নরের জ্যেষ্ঠ পরামর্শক ও সাবেক ডেপুটি গভর্নর আল্লাহ মালিক কাজেমীসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আতিউর রহমান বলেন, এই মুদ্রানীতিতে উৎপাদনশীল সব অর্থনৈতিক খাতের প্রসারে ঋণপ্রাপ্তি বাড়ানোর দিকে জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে অপচয়ী ভোগ ও অনুৎপাদনশীল ফটকাবাজারি বিনিয়োগের প্রসার নিরুৎসাহিত করার চলমান প্রয়াস বেগবান করা হয়েছে।কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এ কাজে সাফল্যের জন্য দেশের নাগরিক সমাজের সক্রিয়তার ওপরও জোর দেন। তিনি বলেন, ‘নির্বিচারে ভোগব্যয় ও বিভিন্ন ধরনের ফটকামূলক কারবার নিরুৎসাহিত করতে হলে আমাদের মধ্যে একটি সাংস্কৃতিক পরিবর্তনও প্রয়োজন।’মুদ্রানীতিতে বেসরকারি খাতের জন্য ব্যাংক ঋণের প্রবৃদ্ধির হার আগামী জুনের মধ্যে ১৬ শতাংশে নামিয়ে আনার প্রক্ষেপণ করা হয়েছে। বর্তমানে এই হার প্রায় সাড়ে ২২ শতাংশ।এ বিষয়টি ব্যাখ্যা করে ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী বলেন, ‘আমরা বেসরকারি খাতে ঋণ কমিয়ে দেওয়ার কথা বলিনি। বরং আমরা অনুৎপাদনশীল খাতে ঋণ দেওয়াকে নিরুৎসাহিত করতে চাই। আর তাই ভোক্তা ঋণ, পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ঋণ ইত্যাদি নিয়ন্ত্রণ করা হবে। ইতিমধ্যে কেন্দ্রীয় ব্যাংক জমি কেনাবেচায় ঋণ প্রদান বন্ধ করেছে।’ব্যাংকগুলোও যেন শেয়ারবাজারে মাত্রাতিরিক্ত বিনিয়োগ না করে, সে জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।এ বিষয়ে নজরুল হুদা বলেন, কিছু ব্যাংক সীমার চেয়ে বেশি অর্থ শেয়ারবাজারে বিনিয়োগ করেছিল। কেন্দ্রীয় ব্যাংক তা সীমার মধ্যে নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে এবং তাতে অনেক অগ্রগতি হয়েছে। তিনি বলেন, ব্যাংকে আমানতকারীর অর্থ থাকে। এই অর্থ শেয়ারবাজারে যাতে সীমার মধ্যে থাকে, সে চেষ্টা রয়েছে কেন্দ্রীয় ব্যাংকের।মূল্যস্ফীতি: মুদ্রানীতিতে আগামী দিনগুলোয় একাধিক উৎস থেকে মূল্যস্ফীতির চাপ আসতে পারে বলে উল্লেখ করা হয়েছে।প্রথমত, প্রতিবেশী ভারতে উচ্চহারে মূল্যস্ফীতি। এ প্রসঙ্গে গভর্নর বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বৈধ ও অবৈধ উভয় পথেই বাণিজ্য হয়। আর দুই দেশের মধ্যকার বিশাল সীমান্ত অনেকটাই নাজুক। তাই ভারতের মূল্যস্ফীতি এখানে প্রভাব ফেলতে পারে।দ্বিতীয়ত, দেশের ভেতর সরকার যদি জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায়, তাহলে তা ভোক্তা মূল্যস্ফীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিদ্যুৎ সরবরাহ বাড়াতে সরকার ভাড়াভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে যাওয়ার যে পরিকল্পনা নিয়েছে, তার জন্য বাজেটে ভর্তুকি দিতে হচ্ছে। এই ভর্তুকির দায় পরিমিত রাখতে গেলে বিদ্যুতের মূল্য বাড়াতে হবে বলে মুদ্রানীতিতে উল্লেখ করা হয়েছে।এ ক্ষেত্রে নিম্নআয়ের মানুষের গৃহস্থালি কাজ এবং কৃষি ও শিল্প খাতে ব্যবহূত বিদ্যুতের মূল্যে ভর্তুকি বজায় রেখে সচ্ছলদের গৃহস্থালি ব্যবহার ও বাণিজ্যিক কার্যক্রমে ব্যবহূত বিদ্যুতের ভর্তুকি প্রত্যাহার করা বা দাম বাড়ানোর পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।এ প্রসঙ্গে আল্লাহ মালিক কাজেমী বলেন, যদি সরকারকে বিদ্যুতের দাম বাড়াতেই হয়, তাহলে তা যেন উচ্চবিত্ত ও ধনীদের জন্য বেশি হারে হয় ও গরিবের জন্য কম হারে হয়, সেটা দেখতে হবে।তৃতীয়ত, তৈরি পোশাক খাতের শ্রমিকদের মজুরি বাড়ানোর যে দাবি উঠেছে, তা গ্রহণ করা হলেও দেশের ভেতর কিছুটা মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে বলে কেন্দ্রীয় ব্যাংক মনে করে।তবে সার্বিকভাবে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার এই অর্থবছরের শেষ পর্যন্ত সাড়ে ৬ শতাংশের মধ্যে সীমিত রাখা সম্ভব হবে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক।উল্লেখ্য, ২০০৯-১০ অর্থবছরের এপ্রিল মাসে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার সাড়ে ৬ শতাংশে উন্নীত হয়েছে।মূল্যস্ফীতি প্রসঙ্গে গভর্নর আরও বলেন, উৎপাদনশীল খাতের জন্য ঋণ যদি অনুৎপাদনশীল খাতে চলে যায়, তাহলে তা মূল্যস্ফীতিকে উসকে দিতে পারে। বাংলাদেশ ব্যাংক এই বিষয়টি গভীরভাবে বিবেচনায় নিয়েছে।আবার প্রবাসী-আয়ের উচ্চ প্রবাহও দেশের ভেতর অর্থ সরবরাহ বাড়িয়ে মূল্যস্ফীতির ওপর চাপ তৈরি করছে বলে তিনি মন্তব্য করেন।২০১০-১১ অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৭০ শতাংশ ধার্য করা হয়েছে। এটি অর্জন করতে হলে কৃষির জন্য অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত ঋণের প্রবাহসহ উপকরণ জোগান, উদীয়মান অর্থনীতির দেশসহ নতুন বাজারে রপ্তানি বৃদ্ধি এবং বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ জরুরি ভিত্তিতে উল্লেখযোগ্য হারে বাড়াতে হবে বলেও উল্লেখ করেন আতিউর রহমান।