অনেক কারখানা বেতন ভাতা দিয়ে ছুটি দিয়েছে
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেতন ও উৎসব ভাতা দিয়ে ঢাকার আশপাশের অনেক পোশাক কারখানা শ্রমিকদের ছুটি দিয়ে দিয়েছে। বাকি কারখানাগুলো আজ শুক্র ও কাল শনিবার পাওনা দিয়ে ছুটি দেওয়ার কথা বলছে বলে জানিয়েছেন শ্রমিকনেতারা।
খোঁজ নিয়ে জানা গেছে, সাভার ও নারায়ণগঞ্জে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) পোশাক কারখানাগুলোতে গতকাল বৃহস্পতিবার ছুটি দিয়ে দেওয়া হয়। এ ছাড়া আশুলিয়া, সাভার ও গাজীপুরের বেশ কিছু কারখানাও গতকাল শ্রমিকদের ছুটি দিয়ে দেয়।
এদিকে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, প্রায় অর্ধেক কারখানায় গতকাল ছুটি দেওয়া হয়েছে। বেতন-ভাতা নিয়ে যেসব কারখানায় সংকট ছিল, তা সমাধান করা হয়েছে।
আগামী মঙ্গলবার দেশজুড়ে ঈদুল আজহা উদ্যাপিত হবে। তবে সরকারি অফিসে শেষ কার্যদিবস ছিল গতকাল। রোববার ঈদের ছুটির মধ্যে না পড়লেও ওই দিন ছুটি ঘোষণা করা হয়েছে।
জানতে চাইলে বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এবার ঈদে বেতন ও উৎসব ভাতা নিয়ে কোনো সংকট তৈরি হবে না বলেই মনে হচ্ছে। ঢাকার আশপাশের অনেক কারখানার শ্রমিকেরা বেতন
ও ভাতা নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছেন। বাকিগুলোতে শনিবার ছুটি হবে।’
সিরাজুল ইসলাম বলেন, ঢাকার কারখানাগুলোতেও এখনো ছুটি হয়নি। এসব কারখানার মালিকেরা শনিবার ছুটি দেবেন। তখন শ্রমিকদের পাওয়া দেওয়া হবে। এবারের ঈদ উপলক্ষে ৫ সেপ্টেম্বরের মধ্যে উৎসব ভাতা দেওয়ার কথা ছিল। আগস্ট মাসের বেতন দিতে হবে শনিবারের মধ্যে। ১ সেপ্টেম্বর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়েছিল। তবে জানা গেছে, কিছু কারখানা এখনো শ্রমিকদের উৎসব ভাতা পরিশোধ করেনি। শনিবার তারা একসঙ্গে উৎসব ভাতা ও বেতন দিয়ে ছুটি দেওয়ার কথা শ্রমিকদের জানিয়েছে।
বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাহবুব ইসমাইল বলেন, অনেক কারখানা এখনো উৎসব ভাতা দেয়নি। সবাই বলছে, শনিবার বেতন-ভাতা একসঙ্গে দেবে। ফলে কোথাও সংকট তৈরি হবে কি না, তা শনিবার বোঝা যাবে।
এবার ঈদ উপলক্ষে ৫২৯টি কারখানা বিজিএমইএর নজরদারিতে ছিল। এর মধ্যে ২১টি কারখানায় সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করেছিল সংগঠনটি।
বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, ‘শেষ পর্যন্ত চারটি কারখানায় আমরা সমস্যা পাই। দুটির সমাধান করা হয়েছে। শুক্রবার বাকি দুটির সমাধান হবে বলে আশা করা যায়।’