অনেক কোম্পানির পিই সহনীয় পর্যায়ের বাইরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের পুঁজিবাজারে এক বছরেরও বেশি সময় ধরে অব্যাহত দরপতনের ঘটনা ঘটছে। এতে বিভিন্ন কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম বেশ নিচে নেমে এসেছে। এর ফলে বাজারের সার্বিক মূল্য-আয়ের (পিই) অনুপাত ১২-এর নিচে নেমে এসেছে। তবে এখনো অনেক কোম্পানির পিই সহনীয় পর্যায়ের বাইরে রয়েছে। সে জন্য সাধারণ বিনিয়োগকারীদের দেখেশুনে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা।বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পিই রেশিও বা অনুপাত কোনো কোম্পানির জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর মাধ্যমে বিনিয়োগকারীরা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়ে থাকেন। একজন বিনিয়োগকারী বুঝতে পারেন, কত দিনে তিনি তাঁর মূলধন ফেরত পেতে পারেন।সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অব্যাহত দরপতনে বাজারের সার্বিক পিই কমলেও কোনো কোনো কোম্পানির পিই এখনো সহনীয় পর্যায়ের বাইরে রয়েছে। তাই ওইসব কোম্পানিতে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বাজার-সংশ্লিষ্টরা।গত বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা যায়, তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ২৩১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১৬ দশমিক ৯ শতাংশ বা ৩৯টি প্রতিষ্ঠানের পিই ১০-এর নিচে রয়েছে। আর পিই ১০ থেকে ২০-এর মধ্যে আছে ৭৪টি বা ৩২ শতাংশ প্রতিষ্ঠানের। এ ছাড়া ২০ থেকে ৩০ এর মধ্যে ৬৭টি বা ২৯ শতাংশ, ৩০ থেকে ৫০ পিইর মধ্যে ৩২টি ১৩ দশমিক ৯ শতাংশ এবং ৫০-এর ওপরে রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের পিই বা ৮ দশমিক ২ শতাংশ প্রতিষ্ঠানের।অন্যদিকে খাতওয়ারি বিশ্লেষণ করলে দেখা যায়, গত বুধবার ব্যাংকিং খাতের পিই ছিল ৮ দশমিক ০৫। এ ছাড়া অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের পিই ৯.৭৫, মিউচুয়াল ফান্ড খাতের পিই ৫ দশমিক ৩৫, প্রকৌশল খাতের পিই ২২ দশমিক ৬৪, খাদ্য খাতের পিই ১৪ দশমিক ৮৬, জ্বালানি ও শক্তি খাতের পিই ১৪ দশমিক ১৬, পাট খাতের পিই ২২ দশমিক ২২, বস্ত্র খাতের পিই ১৯ দশমিক ৪০, ওষুধ খাতের পিই ২০ দশমিক ১৯, পেপার ও প্রিন্টিং খাতের পিই ৩৩.০০, সার্ভিস ও রিয়েল স্টেট খাতের পিই ২৩ দশমিক ৩৬, সিমেন্ট খাতের পিই ১৮ দশমিক ৩৭, আইটি খাতের পিই ৩৪ দশমিক ১৫, ট্যানারি খাতের পিই ১৩ দশমিক ১৪, সিরামিক খাতের পিই ২৭ দশমিক ৪২, বিমা খাতের পিই ১৯ দশমিক ১১, টেলিযোগাযোগ খাতের পিই ২১ দশমিক ৭৫, ট্রাভেল ও লেইজার খাতের পিই ২০ দশমিক ৪০ এবং বিবিধ খাতের পিই রেশিও ৭ দশমিক ৬২।এ ব্যাপারে ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশিদ লালী প্রথম আলো অনলাইনকে বলেন, একজন বিনিয়োগকারীকে প্রথমেই দেখতে হবে, তিনি কোথায় বিনিয়োগ করছেন। কোনো শেয়ারে নয় বরং কোম্পানিতে বিনিয়োগ করতে হবে। প্রথমেই তাঁকে সংশ্লিষ্ট কোম্পানির পিই, শেয়ারপ্রতি আয় ও ক্যাশ ফ্লোর অগ্রগতি দেখতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট কোম্পানির উদ্যোক্তা-পরিচালক কারা, সে বিষয়টিও দেখতে হবে। বিনিয়োগকারীদের উদ্দেশে তাঁর বক্তব্য, ‘বিনিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কোম্পানির উপরিউক্ত বিষয়গুলো বিবেচনা করে ঝুঁকিমুক্ত বিনিয়োগ করা উচিত।’পিই রেশিওর ব্যাপারে ডিএসইর এই সহসভাপতি বলেন, ‘বাজারের সার্বিক পিই এখন আকর্ষণীয়। তবে বেশ কিছু কোম্পানির পিই এখনো অনেক বেশি। এ অবস্থায় বিনিয়োগকারীদের উচিত হবে সংশ্লিষ্ট ওইসব কোম্পানি থেকে দূরে থাকা।এ ব্যাপারে একটি মার্চেন্ট ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এখনো অনেক বিনিয়োগকারী কোনো কিছু না দেখে, না বুঝে বিনিয়োগ করছেন।’বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলো অনলাইনকে বলেন, এসইসির পক্ষ থেকে নতুন কোম্পানি আইপিওতে আসার ক্ষেত্রে ১৫ পিই সহনীয় হিসেবে ধরা হয়। তবে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পিই ১৫ থেকে ২০ পর্যন্ত সহনীয় হিসেবে ধরা হয়। এর ওপরে পিই হলে সেটাকে অতি মূল্যায়িত বলে ধরা হয়। এসব কোম্পানিতে বিনিয়োগ করলে সেখানে ঝুঁকি থেকে যায়।এ ব্যাপারে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মাদ এ হাফিজ প্রথম আলো অনলাইনকে বলেন, বাজারের সার্বিক পিই অনেক ভালো। এ অবস্থায় বিনিয়োগকারীদের উচিত ধৈর্য ও বুদ্ধিমত্তার সঙ্গে বিনিয়োগ করা। তিনি আরও বলেন, ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জসহ (সিএসই) সংশ্লিষ্ট সবাই একটি স্থিতিশীল বাজার দেখতে চায়। বাজার আবারও অতি মূল্যায়িত হোক, এটা আমরা চাই না।’