দেশের ইস্পাত খাতের বর্তমান অবস্থা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন এই খাতে নেতৃত্বদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের (বিএসআরএম) ব্যবস্থাপনা পরিচালক আমীর আলীহোসাইন

প্রথম আলো: গত বছরের রাজনৈতিক অস্থিতিশীলতার পর ইস্পাতশিল্পের সার্বিক অবস্থা এখন কেমন?
আমীর আলীহোসাইন: ২০১৩ সালে রাজনৈতিক অস্থিতিশীলতার প্রভাব এখনো আছে এই খাতে। স্থিতিশীল অবস্থা বজায় থাকলেও এটি কাটিয়ে উঠতে এ বছর লেগে যাবে। ইস্পাতশিল্প খাতে যত সমস্যাই থাকুক না কেন, সবার আগে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। এ স্থিতিশীলতা বজায় না থাকলে এই শিল্পের প্রবৃদ্ধি বাড়বে না।
প্রথম আলো: ইস্পাতশিল্প খাতে এখন অবকাঠামোগত কী কী অসুবিধা মোকাবিলা করতে হচ্ছে?
আমীর আলীহোসাইন: সবচেয়ে বড় সমস্যা বিদ্যুৎ ও গ্যাসের অপ্রতুলতা। এ সমস্যার কারণে ভারী শিল্প খাতে পুরোদমে উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। স্বল্প মেয়াদে কোনো সমাধানও দেখতে পাচ্ছি না আমরা। চট্টগ্রামে বন্দরসুবিধা আছে। এ কারণে এখানে ভারী শিল্পও গড়ে উঠেছে। কিন্তু অবকাঠামোগত সমস্যার কারণে এসব সুফল পুরোপুরি পাওয়া যাচ্ছে না। আবার শিল্পকারখানার জন্য একসঙ্গে বড় আকারের জমি পাওয়া কঠিন। সুবিধাজনক স্থানে জমি পেলে বিশ্বের অনেক দেশের তুলনায় দামও বেশি। এ কারণে সরকারি উদ্যোগ ছাড়া এসব বাধা দূর হবে না। মোটকথা, এ ধরনের ভারী শিল্পকারখানা সম্প্রসারণ কিংবা নতুন বিনিয়োগের জন্য প্রথমেই অর্থনৈতিক পরিবেশ নিশ্চিত করা উচিত।
প্রথম আলো: দেশে উৎপাদিত ইস্পাতশিল্পের পণ্যের গুণগত মান কতটুকু বেড়েছে?
আমীর আলীহোসাইন: একসময় গ্রাহকদের মধ্যে পণ্যের মানের ব্যাপারে সচেতনতা কম ছিল। এখন কিন্তু অবস্থার পরিবর্তন হয়েছে। গ্রাহকেরা সচেতন হচ্ছেন। ফলে উদ্যোক্তারাও মানের দিকে বিশেষ নজর দিচ্ছেন। কয়েক বছরের ব্যবধানে এই শিল্পের পণ্যের গুণগত মান বাড়ছে। যেমন, বিএসআরএম তৈরি রড সম্প্রতি যুক্তরাজ্যে গুণগত মানের সনদ অর্জন করেছে। অনেকে দেশের চেয়ে ভালো মানের রড এখন দেশে তৈরি হচ্ছে। এখন মান খারাপ করে কারও টিকে থাকার সুযোগ নেই। এ খাতে প্রতিযোগিতাও অনেক বেড়েছে।
প্রথম আলো: বিশ্বে জনপ্রতি গড়ে ইস্পাতের ব্যবহারের চেয়ে আমাদের দেশে ইস্পাতের ব্যবহার এখনো অনেক কম। এ ক্ষেত্রে মূল কারণ কী?
আমীর আলীহোসাইন: জনপ্রতি ইস্পাতের ব্যবহার দিয়ে কোনো দেশের অগ্রগতির চিত্র বুঝে নেওয়া যায়। অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়লে ইস্পাতের ব্যবহারও বাড়বে। আমাদের এখানে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন এখনো কম। ফলে ইস্পাতের ব্যবহার বাড়ার ক্ষেত্রে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন জরুরি। আবার আবাসন খাতের ধীরগতির কারণেও ইস্পাতের ব্যবহার আশানুরূপ হারে বাড়ছে না। আর বিকেন্দ্রীকরণ না হলে অর্থনৈতিক কর্মকাণ্ড সারা দেশে বিস্তৃতি হবে না। দেশের যেকোনো জায়গায় শিল্প গড়তে হলে উদ্যোক্তাদের ঢাকার মুখাপেক্ষী হতে হয়। ছোটখাটো বিষয়ে অনুমোদনে আঞ্চলিক প্রশাসনের ক্ষমতা থাকে না। ফলে শিল্পকারখানা—সবকিছুই ঢাকাকেন্দ্রিক হয়ে যাচ্ছে। দেশের সব জেলায় অর্থনৈতিক কর্মকাণ্ড সমানভাবে না বাড়লে ইস্পাতের ব্যবহারও দ্রুতগতিতে বাড়বে না।
প্রথম আলো: সামনে বাজেট আসছে। বাজেটে এই খাতের জন্য আপনাদের প্রত্যাশা কী?
আমীর আলীহোসাইন: গত অর্থবছরের বাজেটে বিলেট আমদানিতে টনপ্রতি এক হাজার টাকা শুল্ক বাড়ানো হয়েছে। বর্তমানে স্ক্র্যাপের চেয়ে প্রায় আড়াই হাজার টাকা বেশি শুল্ক রয়েছে বিলেট আমদানিতে। এর চেয়ে বেশি বৈষম্য হলে মানসম্মত রডের দাম বাড়বে। ফলে সরকারি-বেসরকারি নানা প্রকল্প বাস্তবায়নেও ব্যয় বাড়বে। এ খাতের উৎপাদনেও প্রভাব পড়বে। ইস্পাত পণ্যে মান বজায় রাখতে হলে বিলেট ও স্ক্র্যাপ আমদানিতে শুল্ক-করে বৈষম্য বাড়ানো উচিত হবে না। তা ছাড়া উৎসে করের প্রভাব এই শিল্পে বেশি। কারণ, ইস্পাত পণ্য হলো উচ্চমূল্যের পণ্য। ফলে শতাংশ হিসেবে উৎসে করও অনেক বেশি আসে। মূল্য অনুপাতে মুনাফার চেয়ে অনেক ক্ষেত্রে উৎসে কর বেশি হয়ে যায়। এটি কমানো উচিত। মূলধনি যন্ত্রপাতি আমদানিতেও শুল্ক-কর ১ শতাংশের বেশি হওয়া উচিত নয়। প্রাতিষ্ঠানিক সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম সুনির্দিষ্ট করে দেওয়ায় বেশি উপকার হয়—এমন কার্যক্রম করা যাচ্ছে না।
প্রথম আলো: দেশে ইস্পাত পণ্যের বাজারের সম্ভাবনা কেমন?
আমীর আলীহোসাইন: উৎপাদনক্ষমতা অনেক বেশি থাকলেও এখন দেশে ইস্পাতের কমবেশি চাহিদা ৩০ লাখ টনেরও বেশি। প্রতিবছর ১০ শতাংশ হারে বাড়ছে এ চাহিদা। চাহিদা বাড়তে থাকায় মানসম্মত রড তৈরিতে এখন বিলেট উৎপাদনে এগিয়ে এসেছেন অনেকে। আমাদের হিসাবে, বর্তমানে প্রায় ১২ লাখ টন বিলেট আমদানি করে রড তৈরি করা হয়। প্রায় ১০ লাখ টন স্থানীয় উৎপাদনের মাধ্যমে মেটানো হয়। তবে শিগগিরই এই চাহিদা দেশে পূরণ হবে। মিরসরাইতে বিএসআরএম গ্রুপের ১০ লাখ টন বিলেট উৎপাদনক্ষমতাসম্পন্ন কারখানা নির্মাণের কাজ চলছে। আগামী বছরে এই কারখানায় বিলেট উৎপাদন শুরু হবে। অন্য উদ্যোক্তারাও এগিয়ে এসেছেন।
প্রথম আলো: ইস্পাত পণ্যের রপ্তানির সম্ভাবনা কেমন?
আমীর আলীহোসাইন: এখন খুবই সামান্য পরিমাণে ইস্পাত পণ্য রপ্তানি হয়। ভারতের কয়েকটি রাজ্যে ইস্পাত পণ্য রপ্তানিতে অনেক শুল্ক-কর দিতে হয়। এটি বড় বাধা। তবে সামনে চট্টগ্রাম বন্দর দিয়ে প্রতিবেশী দেশগুলোর পণ্য পরিবহনের সুযোগ তৈরি হলে দেশীয় ইস্পাত রপ্তানির সুযোগ হবে। যেমন, ভারতের অন্য প্রদেশ থেকে ইস্পাত পণ্য অনেক দূরের উত্তর-পূর্ব রাজ্যগুলোয় পরিবহনে অনেক বেশি খরচ পড়ে। তাই ভারতের এসব রাজ্যে ইস্পাত পণ্যের চাহিদা পূরণ করতে পারেন এদেশীয় উদ্যোক্তারা।
[সাক্ষাৎকার নিয়েছেন মাসুদ মিলাদ]