অনেক পোশাকশ্রমিক বেতন পাননি
কথা দিয়ে কথা রাখলেন না তৈরি পোশাক কারখানার অনেক মালিক। ঈদ উপলক্ষে তৈরি পোশাক কারখানা শ্রমিকদের জুন মাসের বেতন দেওয়ার নির্ধারিত সময়সীমা ছিল গত শুক্রবার। তবে গতকাল শনিবার পর্যন্ত অনেক কারখানার শ্রমিকই তা বুঝে পাননি।
সচিবালয়ে ২ জুলাই অনুষ্ঠিত সংকট ব্যবস্থাপনা-সংক্রান্ত মূল কমিটির (ক্রাইসিস ম্যানেজমেন্ট কোর কমিটি) সভায় বস্ত্র ও পোশাক খাতের তিন সংগঠন—বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএর প্রতিনিধিরা ১০ জুলাই বেতন এবং বোনাস ১৪ জুলাইয়ের মধ্যে দেওয়ার প্রতিশ্রুতি দেন। বৈঠক শেষে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক তেমনটাই জানিয়ে বলেছিলেন, ‘এই সময়সীমার মধ্যেই মালিকদের বেতন-ভাতা পরিশোধ করতে হবে।’
তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএর সদস্য কারখানার সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। এর মধ্যে প্রায় দুই হাজার কারখানা সরাসরি পোশাক রপ্তানি করে। আর বাকিরা ঠিকা কাজ বা সাবকন্ট্রাক্টিং করে। তবে সব মিলিয়ে কত শতাংশ কারখানার শ্রমিক গতকাল পর্যন্ত জুন মাসের বেতন পেয়েছেন সে বিষয়ে বিভ্রান্তি আছে।
শিল্প পুলিশ বলছে, গত বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশের ৬০ শতাংশ পোশাক কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন দিয়ে দিয়েছে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় অনেক কারখানার মালিক গতকাল শনিবার বেতন দিয়েছেন। এসব তথ্য দিয়ে শিল্প পুলিশের মহাপরিচালক আব্দুস সালাম বলেন, ‘কাল রোববার বোঝা যাবে কত কারখানা বেতন দিয়েছে। তবে আমরা মেশিন বিক্রি করেও এশিয়া নিটের একটি কারখানার ২৫০ জন শ্রমিকের বেতন বুঝিয়ে দিয়েছি।’ তিনি জানান, বেতনের পাশাপাশি ১০-৩০ শতাংশ কারখানা ইতিমধ্যে বোনাস দিয়েছে।
গাজীপুর জেলায় বিভিন্ন ধরনের এক হাজার ২৫৫ কারখানা আছে। এসবের বেশির ভাগই পোশাক কারখানা, প্রায় এক হাজার। গত বৃহস্পতিবার এখানকার ৫২ শতাংশ কারখানায় বেতন দেওয়া হয়ে গেছে। গতকাল সেটি বেড়ে ৭০-৭৫ শতাংশে দাঁড়াতে পারে বলে জানিয়ে গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মাহবুব হোসেন প্রথম আলোকে বলেন, ‘এখনো হিসাব করা হয়নি। তবে সংখ্যাটি এ রকমই হবে বলে আমাদের ধারণা।’
এদিকে, ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকার ৯৯৬ কারখানার ওপর জরিপ চালিয়ে বিজিএমইএ বলছে, ৯৪৬ কারখানার বা ৯৫ শতাংশ গতকাল পর্যন্ত জুন মাসের বেতন দিয়ে দিয়েছে। তার মানে ৫০টি কারখানা বেতন দেয়নি। গত বৃহস্পতিবার পর্যন্ত এই হার ছিল ৮৫ শতাংশ। এমন তথ্য দিয়ে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম দাবি করেন, ‘ইতিমধ্যে ৯৮ শতাংশ কারখানার শ্রমিকেরা বোনাসও পেয়ে গেছেন।’
আতিকুল ইসলাম বলেন, ‘ন্যাশনাল, এসএল ডিজাইন, করনা ফ্যাশন, পলো স্টারসহ হাতে গোনা কয়েকটি কারখানায় সমস্যা হচ্ছে। সেগুলো সমাধানে আমরা কাজ করছি।’ তিনি বলেন, ‘বেতন-ভাতা নিয়ে আপাতত বড় ধরনের কোনো সমস্যা নেই। সময়ের মধ্যে যারা দিতে পারেনি তারা আজকালের মধ্যে দিয়ে দেবে।’ বিজিএমইএর নেতা ও কর্মকর্তারা এ বিষয়ে সার্বক্ষণিক তদারক করছেন বলেও তিনি জানান।
অবশ্য শিল্প পুলিশ ও বিজিএমইএর এই তথ্যের সঙ্গে একমত নন শ্রমিক সংগঠনের নেতারা। বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম গতকাল বলেন, ‘বড় ও কমপ্লায়েন্ট কারখানাই মূলত বেতন দিয়েছে। মাঝারি ও ঠিকা কাজ করে এমন কারখানা এখনো দেয়নি। সেই হার ৫০ শতাংশের কাছাকাছি হবে। এর মধ্যে ৪০ শতাংশ কারখানার মালিক ১৬ জুলাইয়ের মধ্যে বেতন ভাতা দেবে বলছেন। তবে বাকি ১০ শতাংশ বা ৩৫০ কারখানা বেতন-ভাতা নিয়ে এখন পর্যন্ত কোনো প্রতিশ্রুতিই দেয়নি।’
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক বলেন, ‘বেতন-ভাতা কত কারখানা দিয়েছে সেটি চট করে বলা মুশকিল। তবে আমাদের কাছে ৩৫-৪০টি কারখানার শ্রমিকেরা অভিযোগ করেছেন যে তাঁরা বেতন পাননি।’ তিনি বলেন, ‘সরকার যে সময়সীমা ঘোষণা করেছে সেটি এক ধরনের আইন। আর যেসব কারখানা এটি মানেনি তাদের বিরুদ্ধে সরকার ও বিজিএমইএর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত।’
এদিকে বেতনের পাশাপাশি সময়মতো ঈদ বোনাস পাওয়া নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন একাধিক শ্রমিক নেতা। তাঁরা জানান, অনেক কারখানা বেতন দিলেও বিভিন্ন অজুহাতে বোনাস না দেওয়ার পাঁয়তারা করছে। আবার অনেকেই মূল বেতনের ৫০, ২৫ ও ২০ শতাংশ বোনাস দেওয়ার কথা বলছেন। এতে করে শ্রমিক অসন্তোষের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
এ বিষয়ে আমিরুল হক বলেন, ‘ঈদ বোনাস এক মাসের মূল বেতনের সমপরিমাণ হওয়া উচিত। না দেওয়াটা অন্যায়।’