অনেক প্রতিষ্ঠানই লাইসেন্স ছাড়া পানি বিপণন করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বোতলজাত পানি উৎপাদন ও বিক্রির জন্য পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) সনদ নেওয়া বাধ্যতামূলক। এরপরও অনেক প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়াই পানি বাজারজাত করছে।
এমন অভিযোগ তোলা হয়েছে বিএসটিআই এবং বিশুদ্ধ পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায়। রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআইয়ের কার্যালয়ে গতকাল মঙ্গলবার সভাটি অনুষ্ঠিত হয়। বিএসটিআই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভায় বিএসটিআইয়ের মহাপরিচালক ইকরামুল হক বলেন, পানি উৎপাদন ও বিক্রির জন্য বিএসটিআইয়ের সনদ নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু অনেক প্রতিষ্ঠান লাইসেন্স না নিয়ে পানি উৎপাদন করছে। তিনি পানি উৎপাদনকারীদের উদ্দেশে বলেন, সমস্যা কোনটি, পানিকে জীবাণুমুক্ত রাখা নাকি বিএসটিআইয়ের লাইসেন্স পাওয়া?
পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর পাশে থাকার আশ্বাস দিয়ে বিএসটিআইয়ের মহাপরিচালক বলেন, ‘সবাই মিলে ভোক্তার কাছে যেন বিশুদ্ধ পানি পৌঁছে দিতে পারি সে চেষ্টাই করতে হবে। মানুষকে সেবা দেওয়ার যে সুযোগ আমাদের কাছে রয়েছে সেটা কাজে লাগাতে হবে।’
সভায় উপস্থিত পিওর ড্রিংকিং ওয়াটার ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের নেতারাও স্বীকার করেন যে অনেক প্রতিষ্ঠান বিএসটিআইয়ের লাইসেন্স না নিয়েই নোংরা পরিবেশে পানি উৎপাদন ও বাজারজাত করছে। তাঁরা জানান, এটা শুধু বিএসটিআই নয়, তাঁদের জন্যও উদ্বেগের বিষয়।
এ ধরনের কার্যক্রম প্রতিহত করতে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত ও তদারক দল (সার্ভিল্যান্স টিম) পরিচালনার সংখ্যা আরও বাড়ানোর দাবি জানান নেতারা।
বিএসটিআইয়ের পরিচালক (সার্টিফিকেশন মার্কস-সিএম) কমল প্রসাদ দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সংস্থাটির প্রোডাক্ট সার্টিফিকেশন বিশেষজ্ঞ কে এম ফরমুজুল হক, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া, পিওর ড্রিংকিং ওয়াটার ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুল হকসহ পানি উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি বক্তব্য দেন।