অনেক ব্যাংকে তহবিল স্থানান্তর নীতিমালা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৫৮ শতাংশ ব্যাংকে কোনো নীতিমালা ছাড়া এক শাখা থেকে আরেক শাখায় তহবিল স্থানান্তরের (ফান্ড ট্রান্সফার) কার্যক্রম চলছে। ৯৬ শতাংশ ব্যাংক সেকেলে পদ্ধতিতে তহবিল স্থানান্তরের মূল্য হিসাব করছে। আর মাত্র ৪ শতাংশ ব্যাংক অনলাইনে এ তহবিল সরানোর হিসাব তৈরি করছে।

রাজধানীর মিরপুরে গতকাল রোববার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) আয়োজিত এক সেমিনারে ‘বাণিজ্যিক ব্যাংকের তহবিল স্থানান্তরের মূল্য নির্ধারণ পদ্ধতি: বর্তমান অবস্থা ও গৃহীত পদক্ষেপ’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনটি উপস্থাপন করেন বিআইবিএমের সহযোগী অধ্যাপক মো. আলমগীর। সেমিনারে ‘টেকসই অর্থায়ন বিষয়ক প্রতিবেদন তৈরিতে ব্যাংকের অবস্থা’ শীর্ষক আরও একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন বিআইবিএমের পরিচালক প্রশান্ত কুমার ব্যানার্জ্জী।

প্রথম গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ৬২ শতাংশ ব্যাংকের তহবিল স্থানান্তরে মূল্য নির্ধারিত হয় সনাতনী পদ্ধতিতে। আবার ৮৫ শতাংশ ব্যাংকে একটি নির্দিষ্ট কমিটির মাধ্যমে এই কাজ করা হয়।

 টেকসই অর্থায়ন শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, এ ক্ষেত্রে জিআরআই (গ্লোবাল রিপোর্টিং ইনিসিয়েটিভস) নীতিমালা অনুসরণ করে প্রতিবেদন করে মাত্র ৭টি ব্যাংক। ৩৪টি ব্যাংক এই নীতিমালা অনুসরণ করছে না, আর ১৬টি ব্যাংক আংশিকভাবে তা অনুসরণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান বলেন, বাংলাদেশের উন্নয়ন ও টেকসই পরিবেশ দুটোই একই সঙ্গে ধরে রাখা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে ব্যাংকগুলোর টেকসই উন্নয়নবিষয়ক প্রতিবেদন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশ ব্যাংক থেকে এ জন্য সময়সীমাও বেঁধে দেয়া হয়েছে। তবে বিভিন্ন কারণে অধিকাংশ ব্যাংক তা করতে ব্যর্থ হয়েছে।

বিআইবিএমের মহাপরিচালক তৌফিক আহমেদ চৌধুরী বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) পূরণে টেকসই অর্থায়নের কোনো বিকল্প নেই। তহবিল স্থানান্তরের মূল্য নির্ধারণে একটি নির্দিষ্ট দর নির্ধারণ করতে হবে।

প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী বলেন, যেসব ব্যাংক জিআরআই নীতিমালা অনুসরণ করবে, তাদের বিশেষ সুবিধা দেয়া যেতে পারে।

সেমিনারে আরও বক্তব্য দেন বিএসইসি কমিশনার স্বপন কুমার বালা, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শফিকুল ইসলাম, পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ও বিআইবিএমের অধ্যাপক ইয়াছিন আলি প্রমুখ।