অনেক মালিকই ন্যূনতম মজুরি দিচ্ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারখানার অনেক মালিকই শ্রমিকদের ন্যূনতম মজুরি দিচ্ছেন না। আর তাই ভবিষ্যতে সরকার এমন ব্যবস্থা করবে, যাতে মালিকেরা মজুরি দিতে বাধ্য হন।
সচিবালয়ে গতকাল সোমবার সফররত ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্যদের একটি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের এ কথা বলেন।
দলটির নেতৃত্ব দেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দক্ষিণ এশীয় অঞ্চলের প্রধান জ্যঁ লেম্বার্ট। বাণিজ্যসচিব মাহবুব আহমেদ, ঢাকায় নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত উইলিয়াম হানা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, গত বছরের এপ্রিলে রানা প্লাজা ধসের পর ইইউর সঙ্গে কিছু বিষয়ে চুক্তি হয়েছিল। বৈঠকে তাঁরা সেগুলোরই অগ্রগতি জানতে চেয়েছেন।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে ৩১ মার্চের মধ্যে পরিদর্শক নিয়োগ, ২৭ মার্চ পোশাক কারখানার তথ্যভান্ডার (ডেটাবেজ) চালু করা এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে আলোচনা করে শ্রম আইন সংশোধন করা হবে বলে সফররত দলকে অবহিত করা হয়েছে বলে সাংবাদিকদের জানান তোফায়েল আহমেদ।
রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করতে দেওয়ার জন্য আইন সংশোধনের প্রয়োজন হবে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এ জন্য একটু সময় লাগবে। তারাও তা বুঝতে পেরেছে।’
মুন্সিগঞ্জের বাউশিয়ায় গার্মেন্টস পল্লি করার ব্যাপারে চীনের অর্থায়ন পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাণিজ্যমন্ত্রী। রানা প্লাজা ধসের পর হতাহত ব্যক্তিদের জন্য সরকারি সাহায্যের যাবতীয় তথ্য বাণিজ্যমন্ত্রী আগামী ২৪ এপ্রিল সংবাদ সম্মেলন করে জানানোর কথা বলেন।
রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কী আলোচনা হয়েছে, জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, ‘তেমন কিছু আলোচনা হয়নি। একপর্যায়ে দলনেতা বললেন, তুমি যেহেতু রাজনীতিবিদ, তাই জিজ্ঞেস করছি যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন কী?’
তোফায়েল আহমেদ সাংবাদিকদের বলেন, ‘আমি তাঁকে বলেছি যে সংবিধান অনুযায়ী ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন না করার কোনো বিকল্প ছিল না। নির্বাচন হয়েছে ৫ জানুয়ারি। আর এখন দেশে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। বিরোধী দলও স্থানীয় নির্বাচনে অংশ নিচ্ছে।’