অন্তত রাতের বেলায় অবরোধ না রাখার আহ্বান ট্রাকমালিকদের
রাতের বেলায় অন্তত অবরোধ কর্মসূচি শিথিল করতে ১৮-দলীয় জোটকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি। সংগঠনের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় গতকাল মঙ্গলবার এ আহ্বান জানানো হয়।
তেজগাঁওয়ের ট্রাক টার্মিনালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ১৪৪ ঘণ্টার অবরোধের পর আবার ৭২ ঘণ্টার অবরোধ ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাকমালিকেরা। সমিতির সভাপতি তোফাজ্জল হোসেন মজুমদার সভার সভাপতিত্ব করেন।
এক বিজ্ঞপ্তিতে সমিতির সাধারণ সম্পাদক রুস্তম আলী খান বলেন, বিভিন্ন স্থান থেকে যখন হাজার হাজার ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল শুরু করেছিল, তখন আবার অবরোধ ডাকায় এগুলো পথে আটকে পড়েছে। এতে ট্রাকমালিক ও শ্রমিকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। জমিতে থাকা কৃষিপণ্যও নষ্ট হচ্ছে।
নেতারা বলেন, দেশের বিভিন্ন স্থল ও নৌবন্দরে হাজার হাজার টন পণ্য স্তূপ আকারে পড়ে আছে। পরিবহন চলাচল স্বাভাবিক না হওয়ায় এসব পণ্য গন্তব্যস্থলে পৌঁছানো সম্ভব হচ্ছে না।