অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনকে প্রাধান্য দেবে কেন্দ্রীয় ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যাংকিং খাতের অভিভাবক হিসেবে আর্থিক সুশাসন প্রতিষ্ঠায় ২০১৫-১৯ মেয়াদে দ্বিতীয় কৌশলগত পরিকল্পনা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। মুদ্রানীতিতে ভারসাম্য বজায় রাখা, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনসহ ছয়টি বিষয়কে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে এই পরিকল্পনা।
ঢাকার মিরপুরে গতকাল শনিবার বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির মিলনায়তনে এক অনুষ্ঠানে এ কৌশলপত্র ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।
কৌশলপত্রটির বিভিন্ন দিক তুলে ধরে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আহসান উল্লাহ বলেন, ‘২০১৫-১৯ মেয়াদের জন্য ১৪টি কৌশল, ১০৫টি উদ্দেশ্য, ৩১০টি কর্মপরিকল্পনা ও ৩৯৫টি মান অর্জন সূচক নির্ধারণ করা হয়েছে। এর ভিত্তিতে কৌশলগত লক্ষ্য অর্জনের কর্মপরিকল্পনা করা হবে।’
এরপর ব্যবস্থাপনা পরামর্শক জাহাঙ্গীর কবিরের সঞ্চালনায় গভর্নর আতিউর রহমান ও তিন ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, আবু হেনা মো. রাজী হাসান, নাজনীন সুলতানা আলোচনায় অংশ নেন।
আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর গ্রাহকদের আস্থা বাড়ানোর লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের কৌশলগত পরিকল্পনাটিতে ৫২টি কর্মপরিকল্পনা বাস্তবায়নের কথা বলা হয়েছে। এতে ব্যাংক-সংক্রান্ত তদন্ত প্রতিবেদনে আর্থিক ঝুঁকির সম্ভাবনা তুলে ধরা এবং সময়মতো আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছে। ব্যাংক খাতে সঠিক লোকবল নিয়োগে নয়টি উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্য রাখা হয়েছে। এর মধ্যে জোর দেওয়া হয়েছে কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা, আর্থিক সুবিধা ও কর্মপরিবেশের উন্নয়নে।