অন্তর্ভুক্তিমূলক বাজার উন্নয়নে বেসরকারি বিনিয়োগ লাগবে
অন্তর্ভুক্তিমূলক বাজার উন্নয়নে বেসরকারি বিনিয়োগ লাগবে। মাছ, শাকসবজির মতো প্রান্তিক পর্যায়ে উৎপাদিত পণ্যের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি ন্যায্যমূল্যে ভোক্তার কাছে তা পৌঁছে দিতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। এতে কর্মসংস্থান হবে, দারিদ্র্য কমবে।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ঢাকার শেরেবাংলা নগরের বিআইডিএস মিলনায়তনে এ সেমিনার হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক কে এ এস মুরশিদ। তিনি বলেন, কৃষিতে বড় বিনিয়োগ এলে প্রযুক্তি আসবে। এতে উৎপাদনশীলতা বাড়বে।
বিআইডিএসের গবেষক নাজনীন আহমেদ মূল প্রবন্ধে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জনে প্রান্তিক পর্যায়ে তিনটি বিষয়ের ওপর জোর দেন। এগুলো হলো বড় উদ্যোক্তাদের মাছ, শাকসবজি উৎপাদনসহ কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পে আনা, এসব উদ্যোক্তাদের এ বাজারে বিনিয়োগে উৎসাহিত করা এবং দরিদ্র মানুষকে বড় উদ্যোক্তাদের সঙ্গে সম্পৃক্ত করা। এটি একটি কাঠামো হতে পারে। এ কাঠামো তৈরি করা সরকারের জন্য একটি চ্যালেঞ্জ। তবে বেসরকারি খাতকে এই কাঠামো বা ভ্যালু চেইনের সঙ্গে আনতে পারলে প্রান্তিক চাষিরা উপকৃত হবেন।
বিআইডিএসের আরেক গবেষক হারুনুর রশীদ ভূঁইয়া শাকসবজি উৎপাদন বিষয়ে তাঁর প্রবন্ধে বলেন, বাংলাদেশ এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম শাকসবজি উৎপাদনকারী দেশ। সবজি উৎপাদনে বেসরকারি বিনিয়োগ আনতে পারলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনও বৃদ্ধি করা যাবে।
আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন লন্ডন বিশ্ববিদ্যালয়ের গবেষক পিটার ডেভিস।
অনুষ্ঠানের প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, কৃষক যে ফুলকপির দাম পান পাঁচ টাকা, সেটি ঢাকার কারওয়ান বাজারে বিক্রি হয় ২০ টাকা। মধ্যস্বত্বভোগীরা নিয়ে যায় ১৫ টাকা। এ বিষয়ে নজর দিতে হবে। তা না হলে গরিব চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম এ সাত্তার মণ্ডল বলেন, মলা-ঢেলার পুষ্টিগুণ অন্য মাছের চেয়ে বেশি। বেসরকারি খাত এ মাছ চাষের উৎপাদনে এগিয়ে আসতে পারে।