অন্য অপারেটরের মত নেবে বিটিআরসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল অপারেটর রবি-এয়ারটেল একীভূত হওয়ার বাজার প্রভাব নিয়ে অন্য মোবাইল অপারেটরদের মতামত নেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটির সর্বশেষ কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
জানতে চাইলে বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘রবি-এয়ারটেলের একীভূত হওয়ার বিষয়টিকে অন্য মোবাইল অপারেটররা কীভাবে দেখছে সেটা জানতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাজারে থাকা প্রতিটি অপারেটরের জন্য সমান সুযোগ নিশ্চিত করতেই তাদের মতামতও নেওয়া হবে।’ রবি-এয়ারটেলের একীভূত হওয়ার বিষয়ে ইতিমধ্যেই বিটিআরসিকে চিঠি দিয়েছে দেশের দুই শীর্ষ অপারেটর গ্রামীণফোন ও বাংলালিংক।
গ্রামীণফোন এ বিষয়ে বিটিআরসিকে দেওয়া চিঠিতে রবি ও এয়ারটেল একীভূত (মার্জার) হয়ে গেলে পরিবর্তিত পরিস্থিতিতে তরঙ্গ নিলামের সিদ্ধান্তের বিষয়ে জানতে চেয়েছে। চলতি বছরের মার্চে ১ হাজার ৮০০ মেগাহার্টজ (টুজি) ব্যান্ডে নিলাম বিজ্ঞপ্তির শর্তে উল্লেখ করা হয়, যে অপারেটরের এই ব্যান্ডে ২০ মেগাহার্টজের বেশি তরঙ্গ আছে তারা প্রাথমিক নিলামে অংশ নিতে পারবে না। টুজি ব্যান্ডে গ্রামীণফোনের তরঙ্গের পরিমাণ বর্তমানে ২২ মেগাহার্টজ।
চিঠিতে গ্রামীণফোন বলেছে, রবি ও এয়ারটেল এক হলে টুজি ব্যান্ডে তাদের তরঙ্গের পরিমাণ হবে ২৯ দশমিক ৮ মেগাহার্টজ। সে হিসাবে একীভূত অপারেটরেরও টুজি তরঙ্গের প্রাথমিক নিলামে অংশ নেওয়ার যোগ্যতা সম্পর্কে প্রশ্ন তোলে গ্রামীণফোন।
অপরদিকে গ্রাহকসংখ্যার হিসাবে দ্বিতীয় স্থানে থাকা বাংলালিংকের চিঠিতে বলা হয়েছে, রবি-এয়ারটেল একীভূত হলে তাদের সম্মিলিত তরঙ্গের তুলনায় বাংলালিংকের তরঙ্গ হবে অর্ধেক, যা মোবাইল অপারেটরদের মধ্যে অসম প্রতিযোগিতা তৈরি করবে। ওই চিঠিতে আরও বলা হয়েছে, একীভূত রবি-এয়ারটেলের ৩ কোটি ৮০ লাখ গ্রাহককে সেবা দেওয়ার জন্য তরঙ্গ থাকবে প্রায় ৪০ মেগাহার্টজ। তার বিপরীতে ৩ কোটি ৩০ লাখ গ্রাহককে সেবা দেওয়ার জন্য বাংলালিংকের থাকবে মাত্র ২০ মেগাহার্টজ।
টুজি ও থ্রিজি ব্যান্ড মিলিয়ে রবির কাছে আছে ১৯ দশমিক ৮০ মেগাহার্টজ তরঙ্গ আর এয়ারটেলের কাছে ২০ মেগাহার্টজ । দুটি প্রতিষ্ঠানের তরঙ্গ এক হলে তরঙ্গের পরিমাণ দাঁড়াবে ৩৯ দশমিক ৮০ মেগাহার্টজ যা সব মোবাইল অপারেটরদের মধ্যে সর্বোচ্চ হবে। বর্তমানে গ্রামীণফোনের কাছে সর্বোচ্চ ৩২ মেগাহার্টজ তরঙ্গ আছে।
একীভূত হওয়ার জন্য গত সেপ্টেম্বরে রবি ও এয়ারটেল সরকারের কাছে আবেদন করেছে। আবেদনটির বিভিন্ন দিক এখন বিটিআরসি পরীক্ষা-নিরীক্ষা করেছ।