অন্য অপারেটরের মতামত নেওয়া হবে ৮ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল অপারেটর রবি-এয়ারটেলের একীভূত হওয়ার (মার্জার) বিষয়ে দেশের অন্য চার অপারেটরের মতামত নেবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। কমিশনের সর্বশেষ বৈঠকে ৮ ফেব্রুয়ারি এসব অপারেটরের মতামত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
জানতে চাইলে বিটিআরসির সচিব ও মুখপাত্র সরওয়ার আলম প্রথম আলোকে জানান, ‘রবি-এয়ারটেলের একীভূত হওয়ার প্রক্রিয়াকে স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করার জন্য নিয়ন্ত্রক সংস্থা চারটি কাজ করছে। এগুলো হলো—গণশুনানির আয়োজন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দিয়ে আর্থ–সামাজিক ও কারিগরি সমীক্ষা পরিচালনা, বিটিআরসির অধীন বিভিন্ন বিভাগ ও অন্য চার মোবাইল অপারেটরের মতামত নেওয়া। গ্রাহক স্বার্থ ও বাজার ভারসাম্য রক্ষার অংশ হিসেবে মোবাইল অপারেটরদের ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তবে এ বিষয়ে ইতিমধ্যে বিটিআরসিকে আলাদাভাবে চিঠি দিয়েছে দুই শীর্ষ অপারেটর গ্রামীণফোন ও বাংলালিংক।
গ্রামীণফোন এ বিষয়ে বিটিআরসিকে দেওয়া চিঠিতে রবি ও এয়ারটেল একীভূত (মার্জার) হয়ে গেলে পরিবর্তিত পরিস্থিতিতে স্থগিত থাকা তরঙ্গ নিলামের সিদ্ধান্ত কী হবে তা জানতে চেয়েছে। বিষয়টি জানতে চাওয়ার কারণ ব্যাখ্যা করে গ্রামীণফোনের চিঠিতে বলা হয়, রবি ও এয়ারটেল একীভূত হলে টুজি ব্যান্ডে তাদের তরঙ্গের পরিমাণ হবে ২৯ দশমিক ৮ মেগাহার্টজ। সে হিসাবে একীভূত অপারেটর (রবি-এয়ারটেল) টুজি তরঙ্গের প্রাথমিক নিলামে অংশ নিতে পারবে কি না, সে বিষয়ে বিটিআরসির অবস্থান জানতে চাওয়া হয় চিঠিতে।
উল্লেখ্য, ২০১৫ সালে ১ হাজার ৮০০ মেগাহার্টজ (টুজি) ব্যান্ডের প্রস্তাবিত তরঙ্গ নিলামে অংশ নেওয়ার শর্ত ছিল, যে অপারেটরের টুজি ব্যান্ডে ২০ মেগাহার্টজের বেশি তরঙ্গ আছে, তারা প্রাথমিক নিলামে অংশ নিতে পারবে না। ৯০০ ও ১ হাজার ৮০০ মেগাহার্টজ মিলিয়ে টুজি ব্যান্ডে শুধু গ্রামীণফোনের তরঙ্গের পরিমাণ বর্তমানে ২২ মেগাহার্টজ, যে কারণে প্রতিষ্ঠানটি টুজি তরঙ্গের প্রাথমিক নিলামে অংশ নিতে পারবে না।
অপর দিকে গ্রাহকসংখ্যার হিসাবে দ্বিতীয় স্থানে থাকা বাংলালিংকের চিঠিতে বলা হয়েছে, রবি-এয়ারটেল একীভূত হলে তাদের সম্মিলিত তরঙ্গের তুলনায় বাংলালিংকের তরঙ্গ হবে অর্ধেক, যা মোবাইল অপারেটরদের মধ্যে অসম প্রতিযোগিতা তৈরি করবে।
বর্তমানে গ্রামীণফোনের কাছে সর্বোচ্চ ৩২ মেগাহার্টজ তরঙ্গ আছে। কিন্তু রবি-এয়ারটেল একীভূত হলে তাদের টুজি ও থ্রিজি ব্যান্ড মিলিয়ে তরঙ্গের পরিমাণ দাঁড়াবে ৩৯ দশমিক ৮০ মেগাহার্টজ, যা সব মোবাইল অপারেটরের মধ্যে সর্বোচ্চ হবে। টুজি ও থ্রিজি ব্যান্ড মিলিয়ে এখন রবির কাছে ১৯ দশমিক ৮০ মেগাহার্টজ ও এয়ারটেলের ২০ মেগাহার্টজ তরঙ্গ আছে।