অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুললে মাশুল সর্বোচ্চ ১০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এটিএম বুথ
এটিএম বুথ

এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুললে সর্বোচ্চ ১০ টাকা পর্যন্ত মাশুল কাটা যাবে। যদিও কার্ড ইস্যুকারী ব্যাংক এটিএম বুথ স্থাপনকারী ব্যাংককে ২০ টাকা করে দেবে।
আর ব্যাংক চাইলে নিজস্ব গ্রাহককে বিনা মূল্যে এটিএম সেবা দিতে পারবে।
বাংলাদেশ ব্যাংক গতকাল মঙ্গলবার এ-সম্পর্কিত একটি নির্দেশনা বিভিন্ন ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠিয়েছে। আগামী ১ এপ্রিল থেকে এটিএম বুথে টাকা তোলার ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে। এটিএম বুথ স্থাপনে ব্যাংকগুলোকে উৎসাহিত করতে এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়।
ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশনায় আরও বলা হয়েছে, কার্ড ইস্যুকারী ব্যাংক চাইলে তার গ্রাহক থেকে কোনো ধরনের চার্জ আরোপ থেকে বিরতও থাকতে পারবে। এ ছাড়া ন্যাশনাল পেমেন্ট সুইসের (এনপিএস) আওতাধীন অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করে ব্যালান্স জানা বা মিনি স্টেটমেন্টের জন্য কার্ড ইস্যুকারী ব্যাংক এটিএম বুথ স্থাপনকারী ব্যাংকে পাঁচ টাকা চার্জ দেবে, যা ইস্যুকারী ব্যাংক তার গ্রাহকের কাছ থেকে নিতে পারবে। এ ধরনের চার্জ ব্যাংকগুলোর অধিক সংখ্যক এটিএম বুথ স্থাপনে উদ্বুদ্ধকরণ এবং বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে এ সেবা বিস্তারে সহায়ক হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, দেশে ইলেকট্রনিক পেমেন্ট প্রসারের লক্ষ্যে কার্ড, ইন্টারনেট এবং মোবাইলভিত্তিক আন্তব্যাংক লেনদেন নিষ্পত্তির জন্য কেন্দ্রীয় ব্যাংকে এনপিএস স্থাপন করা হয়েছে। এতে অংশগ্রহণকারী ব্যাংকের গ্রাহক তাদের সুবিধামতো যেকোনো ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে নগদ অর্থ উত্তোলন, ব্যালান্স জানা, মিনি স্টেটমেন্ট নেওয়াসহ সার্বক্ষণিক বিভিন্ন সেবা নিতে পারবে। এতে নগদ অর্থ বহনের প্রয়োজনীয়তা কমার পাশাপাশি সময় সাশ্রয়ী, সহজ ও নিরাপদ হবে।