অন্য ব্যাংকের এটিএম ব্যবহার গ্রাহকের সর্বোচ্চ চার্জ ১৫ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য ব্যাংকের এটিএম (অটোমেটেড টেলারিং মেশিন) বুথ ব্যবহার করে টাকা তুললে প্রতিবার লেনদেনের জন্য গ্রাহককে (এটিএম কার্ডধারী) ভ্যাটসহ সর্বোচ্চ ১৫ টাকা করে দিতে হবে। আর ৫ টাকা দেবে কার্ড ইস্যু করা ব্যাংক।
আর গ্রাহক যদি তাঁর ব্যাংক হিসাবে সংক্ষিপ্ত বিবরণী বা স্থিতি নিতে চান তার জন্য ভ্যাটসহ অতিরিক্ত ৫ টাকা দিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে গতকাল মঙ্গলবার এ বিষয়ে একটি নির্দেশনা ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
এত দিন বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ছিল, প্রতি লেনদেনে ৩০ টাকা খরচের মধ্যে ১০ টাকা গ্রাহক, ১০ টাকা কার্ড ইস্যু করা ব্যাংক এবং বাকি ১০ টাকা এটিএম বুথ স্থাপন করা ব্যাংক বহন করবে। যদিও এ নির্দেশনা কোনো কোনো ব্যাংক মেনে চলছিল না। এসব ব্যাংক পুরোটাই অর্থাৎ ৩০ টাকাই গ্রাহকের কাছ থেকে কেটে নিয়েছে। আবার কোনো কোনো ব্যাংক ৩৫ টাকা পর্যন্ত কেটেছে। অন্যদিকে ব্যাংক হিসাবের সর্বশেষ বিবরণী বা স্থিতি জানতে আরও ৫ টাকা পর্যন্ত কাটা হয়েছে। উভয় ক্ষেত্রেই ভ্যাট পৃথকভাবে কাটা হয়েছে।
এদিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে গত ১৫ ডিসেম্বর ব্যাংকের শীর্ষ নির্বাহীদের নিয়ে গঠিত ব্যাংকার্স বৈঠকে অন্য ব্যাংকের বুথ ব্যবহার করে অর্থ তুললে প্রতি লেনদেনে ২০ টাকা করে কেটে নেওয়ার সিদ্ধান্ত হয়। যার পুরোটাই গ্রাহকের ওপর চাপানোর সিদ্ধান্ত হয়েছিল।
এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ প্রস্তাব পাঠায়। উপরন্তু এ নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে গ্রাহক থেকে ১৫ টাকা করে কেটে নেওয়ার সিদ্ধান্ত হয় বলে জানা যায়।
কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের গতকালের নির্দেশনাতে আরও বলা হয়েছে, নির্ধারিত ১৫ বা স্থিতির তথ্যসহ সর্বোচ্চ ২০ টাকার বেশি কোনো ধরনের চার্জ বা ফি গ্রাহকের কাছ থেকে আদায় করা যাবে না। নির্দেশটি ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।