অন্য ব্যাংকের এটিএম ব্যবহারে গ্রাহকের চার্জ ১৫ টাকা হতে যাচ্ছে
অন্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে টাকা তুললে প্রতিবার লেনদেনের জন্য গ্রাহককে (এটিএম কার্ডধারী) ১৫ টাকা করে দিতে হবে। আর পাঁচ টাকা দেবে কার্ড ইস্যু করা ব্যাংক।
এত দিন বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ছিল প্রতি লেনদেনে ৩০ টাকা খরচের মধ্যে ১০ টাকা গ্রাহক, ১০ টাকা কার্ড ইস্যু করা ব্যাংক ও বাকি ১০ টাকা এটিএম বুথ স্থাপন করা ব্যাংক বহন করবে। যদিও এ নির্দেশনা কোনো কোনো ব্যাংক মেনে চলছিল না।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে গত ১৫ ডিসেম্বর ব্যাংকের শীর্ষ নির্বাহীদের নিয়ে গঠিত ব্যাংকার্স বৈঠকে অন্য ব্যাংকের বুথ ব্যবহার করে অর্থ তুললে ২০ টাকা কেটে নেওয়ার সিদ্ধান্ত হয়। যার পুরোটাই গ্রাহকের ওপর চাপানোর সিদ্ধান্ত হয়েছিল।
সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগ প্রস্তাব পাঠায়। উপরন্তু এ নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হলে গ্রাহক থেকে ১৫ টাকা করে কেটে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়।