>বিভিন্ন উন্নয়ন-সহযোগী প্রতিষ্ঠানে কাজ করা ৩৯৫ জন বিদেশি নাগরিক কাজের মেয়াদ শেষে শুল্কমুক্ত গাড়ি-সুবিধার অনুকূলে ইস্যু করা পাসবইগুলো এনবিআরে ফেরত দেননি
শুল্কমুক্ত সুবিধার গাড়ির অপব্যবহারের বিষয়ে উন্নয়ন-সহযোগী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এসব প্রতিষ্ঠানকে একটি নির্দিষ্ট সময় দিয়ে শুল্কমুক্ত সুবিধার জন্য ইস্যু করা মেয়াদোত্তীর্ণ পাসবই ফেরত নেওয়ার পরিকল্পনা করছে এনবিআর। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে পাসবইগুলো ফেরত দিতে হবে কিংবা ব্যাখ্যা দিতে হবে। অন্যথায় প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এনবিআর।
এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র বলেছে, ইতিমধ্যে এ নিয়ে ইউএনডিপির সঙ্গে আলোচনা শুরু হয়েছে।
সম্প্রতি এনবিআরের এক অনুসন্ধানে দেখা গেছে, ৩৯৫ জন বিদেশি নাগরিক, যাঁরা এ দেশে বিভিন্ন উন্নয়ন-সহযোগী প্রতিষ্ঠানে কাজ করেছেন, কাজের মেয়াদ শেষে তাঁরা শুল্কমুক্ত গাড়ি-সুবিধার অনুকূলে ইস্যু করা পাসবইগুলো এনবিআরে ফেরত দেননি। এর মধ্যে বিশ্বব্যাংকের ৫৩ জন এবং ইউএনডিপির ৪৪ জন কর্মকর্তা আছেন।
ইউএনডিপির সাবেক কান্ট্রি ডিরেক্টর স্টিফেন প্রিসনার শুল্কমুক্ত সুবিধার গাড়ি ফিরে যাওয়ার সময় স্থানীয় একজন বাংলাদেশির কাছে বিক্রি করে দেন। সেই ক্রেতা গাড়িটি কেনার সময় নির্ধারিত শুল্ক-কর দেননি। নম্বরপ্লেটও পরিবর্তন করেননি। সম্প্রতি সেই গাড়িটি আটক করেছে এনবিআর। ২৯ ডিসেম্বর প্রিসনারকে আত্মপক্ষ সমর্থনে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে তলব করা হয়েছে। পাশাপাশি প্রিসনারের গাড়িটির বাংলাদেশি ক্রেতাকেও সেদিন ডাকা হয়েছে।
উল্লেখ্য, কূটনীতিকদের মতো এ দেশে বিভিন্ন উন্নয়ন-সহযোগী প্রতিষ্ঠানের বিদেশি উচ্চপদস্থ কর্মকর্তারাও শুল্কমুক্ত সুবিধায় গাড়ি কিনতে পারেন। এ নিয়ে ৭ ডিসেম্বর প্রথম আলোতে বিস্তারিত সংবাদ প্রকাশিত হয়েছে।
এদিকে জাতিসংঘের বিভিন্ন সংস্থার বিদেশি নাগরিকদের শুল্কমুক্ত সুবিধায় গাড়ি ব্যবহার যথাযথ নিয়ম পালনের বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। নিজ নিজ সংস্থার কর্মকর্তাদের গাড়িসহ শুল্কমুক্ত সুবিধার পাসবই ব্যবহারে যথাযথ নিয়মকানুন মেনে চলতে ৬ ডিসেম্বর জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ডি ওয়াটকিনস বাংলাদেশে কার্যরত জাতিসংঘের বিভিন্ন অঙ্গসংস্থার প্রধানের কাছে এ-সংক্রান্ত চিঠি দিয়েছেন। ওই চিঠিতে এনবিআরের নিয়মগুলো উল্লেখ করে তা বাধ্যতামূলক অনুসরণের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশগুলোর মধ্যে অন্যতম হলো গাড়ি কেনাবেচার জন্য এনবিআরের অনুমোদন নেওয়া; বিক্রি কার্যক্রম সম্পন্ন করার আগে নির্ধারিত শুল্ক-কর পরিশোধের বিষয়টি নিশ্চিত করা; গাড়ির নম্বরপ্লেট ও ব্লুবুক বাতিল করে সংশ্লিষ্ট সংস্থার কাছে পাসবই জমা দিতে হবে এবং ওই সংস্থাই পাসবইটি কাস্টমস বন্ড কমিশনারেটে জমা দেবে। এ ছাড়া সুবিধাভোগী দেশ ছেড়ে যাওয়ার আগেই নিয়মগুলো যথাযথভাবে মানা হয়েছে কি না, তা পরীক্ষা করে দেখবে ওই সংস্থা।
ওই চিঠিতে পাসবইধারী বিদেশি কর্মকর্তার গাড়িসহ শুল্কমুক্ত সুবিধার পণ্য অপর কোনো পাসবইধারী বিদেশির কাছে বিক্রি করতে উৎসাহিত করা হয়েছে।